হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে বলে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার ক্যাফে বা অফিসের কম্পিউটারে কাজ শেষে ম্যানুয়ালি লগ-আউট করার পরামর্শ দেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপ ওয়েব (WhatsApp Web) ব্যবহারকারীদের জন্য বড়সড় সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। অন্যের হাতে আপনার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ চলে যেতে পারে, তাই হোয়াটসঅ্যাপ ওয়েবে সংবেদনশীল কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অফিসের কম্পিউটার, শেয়ার করা সিস্টেম বা সাইবার ক্যাফেতে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারের ক্ষেত্রে "অতিরিক্ত সতর্কতা" অবলম্বন করতে বলা হয়েছে।

হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের বিপদের কথা মাথায় রেখে গত ১৮ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রকের ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের (14C) ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট (NCTAU) একটি নির্দেশিকা জারি করেছে। "হোয়াটসঅ্যাপ ওয়েবের নিরাপদ ব্যবহার" শীর্ষক ওই নির্দেশিকায় বলা হয়েছে, "কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে লগ-ইন করা হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের অপব্যবহার করে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে।" নির্দেশিকা অনুযায়ী, এর ফলে হ্যাকাররা আপনার মেসেজ পড়তে পারবে, আপনার নাম করে অন্যদের মেসেজ পাঠাতে পারবে। এমনকী আপনার কন্ট্যাক্ট লিস্ট ও গ্রুপের তথ্য চুরি করে জালিয়াতি বা ফিশিংয়ের মতো অপরাধমূলক কাজ করতে পারে।

তাই পরামর্শ দেওয়া হয়েছে, "সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক বা অন্য কোনও গোপনীয় তথ্য কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে শেয়ার না করাই ভালো।" অফিস বা শেয়ার করা কম্পিউটারে কাজ হয়ে গেলে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন অবস্থায় ফেলে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, "কাজ শেষ হলে সবসময় লগ-আউট করুন। শুধু ব্রাউজার বন্ধ করলেই তা লগ-আউট হয় না। তাই ম্যানুয়ালি লগ-আউট করার অভ্যাস তৈরি করুন।" খুব দরকার হলে বিশ্বস্ত কম্পিউটারে ইনকগনিটো (incognito) বা প্রাইভেট ব্রাউজিং মোড ব্যবহার করতে পারেন, তবে ব্রাউজার বন্ধ করার আগে অবশ্যই লগ-আউট করতে হবে। সাইবার ক্যাফে, পাবলিক কিয়স্ক, হোটেলের বিজনেস সেন্টার বা অন্যের কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

অ্যাকাউন্টে কোনও অস্বাভাবিক গতিবিধি দেখলে, যেমন আপনার অ্যাকাউন্ট থেকে অচেনা মেসেজ যাওয়া বা কন্ট্যাক্ট থেকে অপ্রত্যাশিত রিপ্লাই এলে, তা গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে। "ডিভাইস সুরক্ষিত রাখুন। অপারেটিং সিস্টেম, ব্রাউজার এবং সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না বা অজানা ফাইল ডাউনলোড করবেন না," বলে নির্দেশিকায় জানানো হয়েছে। অফিসিয়াল কাজের ক্ষেত্রে বাড়তি সতর্কতা হিসেবে হোয়াটসঅ্যাপ ওয়েব এড়িয়ে চলা এবং প্রয়োজনে প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করার উপর জোর দেওয়া হয়েছে।