প্রতিবেশীর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার জন্য বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দেওয়ার অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনায় দুর্গাপুজোর বিসর্জনের রাতে ৭১ বছরের রুমকি মুর্মুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
প্রতিবেশীর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। আর সেই অসুস্থতার জন্য এলাকার এক বৃদ্ধাকে দায়ী করে তাঁকে ‘ডাইনি’ অপবাদ দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। সেই কুসংস্কারের জেরেই ৭১ বছরের বৃদ্ধাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার হরিরামপুর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম রুমকি মুর্মু। ঘটনার পর অভিযুক্ত জয়রামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরসি গ্রাম পঞ্চায়েতের নাহিট পশ্চিমপাড়া এলাকায় বাড়ি রুমকি মুর্মুর। শুক্রবার রাতে পাড়ার দুর্গাপুজোর বিসর্জন চলছিল। সেই সময় কোনও বিষয়কে কেন্দ্র করে রুমকি মুর্মুর সঙ্গে প্রতিবেশী জয়রামের বচসা শুরু হয় বলে অভিযোগ। এরপরই বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে লাঠি দিয়ে মারধর করেন জয়রাম।
বৃদ্ধার উপর হামলার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁকে উদ্ধার করে হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত জয়রামের ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। সেই অসুস্থতার জন্য রুমকি মুর্মুকে দায়ী করে তাঁকে নানা কটূক্তি করতেন জয়রাম বলে অভিযোগ। দীর্ঘদিনের এই সন্দেহ ও কুসংস্কারের জেরেই বৃদ্ধার উপর হামলার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রুমকি মুর্মুর এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গ্রামে ছেলেকে নিয়েই সংসার করতেন বৃদ্ধা। আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অভিযুক্ত জয়রামকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনার নেপথ্যে থাকা কারণ এবং খুনের অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃতার ছেলে গুড়ুম কিসকু বলেন, “মাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করেছে জয়রাম। তার শাস্তি চাই।”
কুসংস্কারকে কেন্দ্র করে এক বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।
