Hooghly News: মদ্যপ অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায়। গেরুয়া শিবিরের তরফে অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রৌঢ়। ঠিক কী ঘটনা ঘটেছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Hooghly News: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য। ঘটনায় এবার শ্রীঘরে ঠাঁই হলো প্রৌঢ়ের। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার ব্যান্ডেল কেওটার বাসিন্দা এক ব্যক্তি।

ঠিক কী অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে? 

সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হুগলি-চুঁচুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনির বাসিন্দা কার্তিক বণিক। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ কার্তিক বণিকের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ।

অন্যদিকে, সমাজমাধ্যমে মন্তব্য করার বিষয়টি নিয়ে অভিযুক্ত কার্তিক বণিক জানান, ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনা প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ‘’সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের ঘটনা থেকেই বোঝা যায়, কিছু মানুষ মুখ্যমন্ত্রীর ভালো কাজকে সমর্থন করতে পারছেন না।'' এই ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, হুগলি সাংগঠনিক জেলার বিজেপির মিডিয়া কনভেনার শাশ্বত বন্দ্যোপাধ্যায় জানান, শুক্রবার রাতে কয়েকজন বিজেপি কর্মী তাঁকে ফোন করে বিষয়টি জানান। ঘটনাটি অন্যভাবে উপস্থাপিত হওয়া এবং অভিযুক্তের উপর হামলার আশঙ্কা থেকে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং অভিযোগ দায়ের করেন বলে জানান। তাঁর বক্তব্য, সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার করে কোনও লাভ হবে না। ঘটনায় পুলিশি পদক্ষেপের পর বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।