পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভোরে মাদপুর স্টেশন সংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতিকে গ্রেফতার করেছে পুলিশ। ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার ভোরে মাদপুর স্টেশন সংলগ্ন বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর পিংলা থানায় অজিত মাইতির বিরুদ্ধে FIR দায়ের করেন গোবিন্দ দাস নামে এক নেতা। অভিযোগ, ২০১৬ সালে তৃণমূলের পিংলা ব্লকের জামনা অঞ্চলের সভাপতি থাকার সময় ব্লক সভাপতি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দর কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত।
তবে পরবর্তীতে গোবিন্দ ব্লক সভাপতি হতে পারেননি বলে অভিযোগ। এরপর তিনি ওই টাকা ফেরত চান। অভিযোগকারীর দাবি, টাকা ফেরত চাইলেও অজিত মাইতি তা দেননি। বরং টাকা ফেরত চাওয়ায় তাঁকে হেনস্থার মুখে পড়তে হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার ভোরে মাদপুর স্টেশনের কাছে অজিত মাইতির বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বাড়িতেই ছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে ডেবরা থানায় নিয়ে যাওয়া হয়। এদিন তাঁকে মেদিনীপুর আদালতে তোলা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অজিত মাইতি দীর্ঘদিন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পিংলা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন তিনি। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি পদে রয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও পিংলা থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন অজিত। তবে বিজেপির স্বাগতা মান্নার কাছে তিনি পরাজিত হন। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের একাংশ পৃথক শিবির তৈরি করলেও অজিত মাইতি কালীঘাটপন্থী তৃণমূলের সঙ্গেই রয়েছেন।
