Ayushman card: দেড় লক্ষের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে! দৃষ্টি হারানোর মুখে ময়নাগুড়ির 'কাজের পিসি'কে নয়া জীবন দিল আয়ুষ্মান কার্ড। রিঙ্কু দাসের আয়ুষ্মান কার্ড তৈরিতে উদ্যোগী হয়েছিলেন স্থানীয়রাই।

দৃষ্টি হারানোর মুখে দুনিয়াটাই অন্ধকারে ঢেকে যাচ্ছিল ময়নাগুড়ির পরিচারিকা রিঙ্কুর, আয়ুষ্মান কার্ডের ভরসায় ফিরল আলো! প্রতিদিন ভোরে ময়নাগুড়ি ব্লকের দোমনী থেকে প্রায় ২৫ কিলোমিটার পথ পেরিয়ে জলপাইগুড়ি শহরে কাজে পৌঁছন রিঙ্কু দাস। শহরের ২৪ নম্বর ওয়ার্ডের পুরাতন পুলিশ লাইন এলাকার কয়েকটি বাড়িতে পরিচারিকার কাজ করেই চলে তাঁর একার সংসার। বহু বছর আগে স্বামী ছেড়ে চলে গিয়েছেন, একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গিয়েছে। দিনমজুরির সামান্য উপার্জনে কোনওমতে দিন গুজরান করা সেই রিঙ্কু দাসই সম্প্রতি চরম সংকটের মুখে পড়েন, যখন ধীরে ধীরে তাঁর চোখের দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে।

এই কঠিন পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ে এগিয়ে আসেন পুরাতন পুলিশ লাইনের সেই বাসিন্দারা। তাঁরাই উদ্যোগী হয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রিঙ্কুর নামে একটি ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য কার্ড তৈরি করিয়ে দেন। সেই কার্ডের মাধ্যমেই শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে বিনামূল্যে তাঁর চোখের সফল অস্ত্রোপচার ও যাবতীয় চিকিৎসা সম্পন্ন হয়।

চিকিৎসার পর সুস্থ হয়ে নতুন করে বেঁচে থাকার ভরসা ফিরে পেয়েছেন রিঙ্কু দাস। অন্ধকারের হাত থেকে রক্ষা পেয়ে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন সেই পরিবারগুলির প্রতি, যাঁরা বিপদের দিনে পরমাত্মীয়ের মতো পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের মতে, সঠিক সময়ে স্বাস্থ্যবিমার সুবিধা এবং মানবিক উদ্যোগ যুক্ত হলে অসহায় মানুষের জীবন কীভাবে বদলে যেতে পারে, এই ঘটনা তারই দৃষ্টান্ত।