- Home
- West Bengal
- Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা না পাওয়া বিক্ষোভকারীদের সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা না পাওয়া বিক্ষোভকারীদের সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Annapurna Yojana Payment: যোজনার টাকা নিয়ে বিক্ষোভের মধ্যেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, ধৈর্য ধরার আশ্বাস। একই সুরে যোগ্য মহিলাদের টাকা পাওয়ার প্রতিশ্রুতি দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।

অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাড়ছে রাজ্যজুড়ে
পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বিতর্ক দিনে দিনে বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মহিলাদের ক্ষোভ । অধিকাংশ আবেদনকারী টাকা পেলেও বহু যোগ্য উপভোক্তা এখনও বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তাল হয়েছে রাজ্য।

পথে নেমে বিক্ষোভ বঞ্চিত মহিলাদের
প্রতিশ্রুতি সত্ত্বেও আর্থিক সাহায্য না পাওয়ায় ক্ষুব্ধ 'যোগ্য' আবেদনকারীরা। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে ফুঁসে উঠেছেন। এই অবস্থায় রাজ্যের বিক্ষোভকারী মহিলাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে তৃণমূলের বিদ্রোহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্য়ায়ও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিক্ষোভকারী মহিলাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ধৈর্য ধরার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
শনিবার এই বিতর্কের মাঝেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আবেদন করলে সবাই টাকা পাবেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। যদিও রাজ্যের ক্ষমতা দখলের পর থেকেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, যোগ্য মহিলারা অবশ্যই টাকা পাবেন। যোগ্যরা যাতে বঞ্চিত না হন তার দিকে নজর দেবে তাঁর সরকার।
মাসের হিসেব তুলে ধরলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, জুন মাসে ২৮ লক্ষ, জুলাইয়ে ১ কোটি ১৯ লক্ষ এবং অগস্টে ১ কোটি ৪৫ লক্ষ উপভোক্তা টাকা পেয়েছেন। প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। তবে এই তালিকায় আরও মহিলাদের নাম নথিভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া মন্তব্য
বিক্ষোভরত মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, যাঁরা সরকারকে ভোট দেননি, রাস্তায় বিক্ষোভ করে কোনও লাভ হবে না। সরকার মাথা নীচু করার সরকার নয় বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, 'ধৈর্য রাখবেন, যাঁরা পাওয়ার, তাঁরা ঠিক পাবেন। যাঁরা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না। তাঁরা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান। তাতে কোনও লাভ হবে না। এই সরকার মাথা নীচু করার সরকার নয়।'
অন্নপূর্ণার ৩০০০ টাকা কারা পাবেন, স্পষ্ট করেন শুভেন্দু
কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাচাই প্রক্রিয়ায় যোগ্য বলে চিহ্নিত হলে প্রতি মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ১৭ আগস্ট থেকে বিলি করার কাজ শুরু হয়েছিল। কারা কারা পাবেন অন্নপূর্ণার সুবিধে তাও বলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মূলত দু’ধরণের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে বিজেপি করার জন্য কিছু মাহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। সেই সঙ্গেই আর্থিকভাবে দুর্বল মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
অভিযোগ জানানোর জন্য পোর্টাল চালু
যাঁরা যোগ্য হয়েও আবেদন করে টাকা পাননি, তাঁদের জন্য একটি পৃথক পোর্টাল চালু করেছে রাজ্য সরকার, যেখানে অভিযোগ জানানো যাবে। চলতি মাসে যারা টাকা পাবেন না তারা নতুন এই পোর্টালে ফের আবেদন করতে পারবেন বলেও নবান্ন সূত্রের খবর।
আশ্বাস দিলেন হুগলির সাংসদ রচনাও
মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও জানান, প্রত্যেক যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কেউ বঞ্চিত হবেন না।
প্রয়োজনে সরাসরি যোগাযোগের বার্তা রচনার
চুঁচুড়ায় গিয়ে রচনা বলেন, তালিকাভুক্ত হয়েও টাকা না পেলে নাম-ঠিকানা নিয়ে তাঁর অফিসে যোগাযোগ করতে। তিনি নিজেই বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
মোদী-প্রশংসাতেও সরব রচনা
অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন সদ্য তৃণমূলত্যাগী এই সাংসদ, দেশের অগ্রগতিতে তাঁর ভূমিকাকে তুলে ধরেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

