Baruipur Incident: সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একাধিক হিংসাত্মক ঘটনা দেখা গিয়েছে। এই ঘটনাগুলির ফলে রাজ্য সরকারের উপর চাপ তৈরি হয়েছে। পুলিশও চাপে পড়ে গিয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে পুলিশ-প্রশাসন।
KNOW
Baruipur Violence: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুনের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশান্তির ঘটনায় গ্রেফতার হলেন সিপিআইএম (CPIM) নেতা লায়েক আলি (Layek Ali)। তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া, বিক্ষোভ উস্কে দেওয়া, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভ চলাকালীন এই সিপিআইএম নেতা পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন বলে অভিযোগ। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে, বারুইপুর ঘটনায় ভুয়ো খবর ছড়িয়ে দেন লায়েক। এই কারণেই তাঁকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। এই ঘটনায় আগেই লায়েকের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ধৃত সিপিআইএম নেতাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই গ্রেফতার
সম্প্রতি একাধিকবার বারুইপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি হিংসার ঘটনায় কড়া বার্তা দেন। হিংসায় উস্কানি দেওয়ার জন্য নাম না করে বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরপরেই লায়েককে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সিপিআইএম নেতা বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে ছিলেন। তিনি বিক্ষোভকারীদের উস্কে দেন। এই অভিযোগ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
বারুইপুরে হিংসার ঘটনায় একাধিক মামলা
বারুইপুুরের সূর্যপুরে নাবালিকার দেহ উদ্ধার হওয়ার পর বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকর্মীদেরও আক্রমণ করা হয়। গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়। অন্য এক ঘটনায় এক নাবালককে গলা কেটে খুন করা হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেটা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সরকারি সম্পত্তি নষ্ট-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। হিংসার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


