Canning News: সিআইডি তলবে তিনবারের বার এবার ভবানী ভবনে হাজিরা দিলেন ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক পরেশরাম দাস। কী কারণে ভবানী ভবনে হাজিরা ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Canning News: তিন তিনবার সিআইডির ডাকে হাজিরা দেননি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ক্যানিং থানার মামলা নং ২৪৩/২৬-এর তদন্তের জন্য সিআইডির তরফ তাঁকে দিতে বলা হয়েছিল ভবানী ভবনে। কিন্তু অতি বর্ষার কারণে এলাকার মানুষের পাশে থাকা, বিধানসভা চলা এবং চিকিৎসার জন্য চেন্নাই যাওয়ার কারণে তিন তিনবার সেই হাজিরা এরিয়েছেন পরেশ। তবে এবার সিআইডির তদন্তে সহযোগিতা করতে চেয়েই তাঁদেরকে চিঠি দেন পরেশ।

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট ক্যানিং পশ্চিমের বিধায়কের:-

১৭ সেপ্টেম্বর সিআইডির ভবানী ভবনের ইন্সপেক্টর এবং বারাসত ডি.ডি.-র অ্যাডিশনাল ডি.ডি.আই-কে লেখা চিঠিতে বিধায়ক জানিয়েছেন, পূর্ব নির্ধারিত চিকিৎসার জন্য তাঁকে চেন্নাই যেতে হয়েছিল, তাই ১২ সেপ্টেম্বরের নোটিশ অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৭৯ ধারায় জারি করা নোটিশে তিনি হাজির হতে পারেননি। তবে তিনি চেন্নাই থেকে ফিরেছেন এবং তদন্তে অংশ নিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত। আইন মেনে যখনই প্রয়োজন হবে, তদন্তকারী অফিসারের সামনে হাজির হতে তিনি ইচ্ছুক।

তাঁর আগের অনুপস্থিতি অনিচ্ছাকৃত এবং কোনওভাবেই তদন্তে বাধা সৃষ্টির উদ্দেশ্যে ছিল না বলে জানিয়েছেন পরেশ। কিন্তু সিআইডির তরফে গত বৃহস্পতিবারের সেই চিঠির কোন প্রত্যুত্তর না আসায় শনিবার পুনরায় সিআইডিকে একই মর্মে তদন্তে সহযোগিতা করতে চেয়ে চিঠি দেন পরেশ। তবে ঐদিন সেই চিঠির জবাব এসেছে। আগামী সোমবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে তাঁকে সিআইডির সদর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই মতো সোমবার সকালে বাড়ি থেকে কলকাতায় সি আই ডির সদর দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তবে যাওয়ার আগে সমাজ মাধ্যমে "আলবিদা ক্যানিং, ফিরে দেখা হবে কথা হবে" বলে পোস্ট করেন পরেশ। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিন সিআইডির হাতে গ্রেফতার হতে পারেন ভেবেই এই ধরনের পোস্ট করেছেন পরেশ মনে করছে রাজনৈতিক মহল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।