Chinsurah News: পরিবারের আর্থিক হাল ফেরানোর লক্ষ্যে হুগলি (Hooghly) জেলার চুঁচুড়া থেকে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ে (Dubai) চাকরি করতে গিয়েছেন শোভন রায়। তিনি দুবাইয়ে চাকরি করছেন। কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছে না পরিবার। চোখের জলে ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় মা।

DID YOU
KNOW
?
দুবাইয়ে নিখোঁজ শোভন
দুবাইয়ে চাকরি করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বাঙালি যুবক শোভন রায়। তাঁর সন্ধান পেতে সরকারের দ্বারস্থ হয়েছে পরিবার।

Hooghly News: বিদেশে চাকরি করে টাকা জমিয়ে মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুবাইয়ে (Dubai) গিয়েছেন হুগলি (Hooghly) জেলার চুঁচুড়ার (Chinsurah) যুবক শোভন রায়। দুবাইয়ে ডেলিভারি বয় হিসেবে কাজ করছিলেন ৩০ বছর বয়সি এই যুবক। তবে কর্মক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারছিলেন না বলে বাড়িতে জানিয়েছিলেন। তারপর হঠাৎ তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে শোভনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁর মা। তিনি ছেলের সঙ্গে কথা বলতে না পেরে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এখন পরিবারের আর্থিক সমস্যার কথা না ভেবে ছেলের বাড়ি ফেরার কথাই ভাবছেন শোভনের মা।

কী হয়েছে শোভনের?

শোভনের বাড়ি চুঁচুড়ার বঙ্কিমকাননে। তাঁর মা সুবর্ণা রায় জানিয়েছেন, '২১ অক্টোবর শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছিল। ছেলে বলেছিল, মা কিছু টাকা পাঠাচ্ছি, মাংস এনো। আমি বলেছিলাম, না, ওই টাকা দিয়ে আগে ঠাকুরকে পুজো দেব। সেই কথা বলার পর থেকে আর ছেলের কোনও খোঁজ নেই। আমরা চাই, ছেলে ভালোয় ভালোয় ফিরে আসুক। আর কোনওদিন বিদেশে যেতে হবে না।' ছেলের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি আঁকড়ে ধরে দিন কাটছে শোভনের মায়ের। তাঁর একটাই আকুতি, ছেলে যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।

ফেব্রুয়ারি থেকে দুবাইয়ে শোভন

চাকরি করতে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে পাড়ি দেন শোভন। তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসার চালানোর জন্য তিনি টোটো চালাতেন। দুই ভাইয়ের মধ্যে শোভন বড়। উচ্চমাধ্যমিক পাশ করার পর কখনও টেলিকম সংস্থায়, কখনও ই-কমার্স সংস্থায় কাজ করেছেন এই যুবক। পরিবারের আর্থিক সঙ্কটের কথা ভেবে এবং বাবার চিকিৎসার খরচ সামলাতে দুবাইয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শোভন। তিনি এক বন্ধুর মাধ্যমে সেখানে চাকরির সুযোগ পান। শোভনের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। বিদেশমন্ত্রক থেকে শুরু করে দুবাই পুলিশের কাছেও ই-মেল করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। দ্রুত শোভনের সন্ধান মিলবে এবং তিনি নিরাপদে বাড়ি ফিরবেন, সেই আশাতেই দিন গুনছেন তাঁর বাবা-মা ও পরিজনেরা। এই পরিস্থিতিতে শোভনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিজেপি (BJP) নেতা অজয় মহান্তি ওরফে কার্তিক এবং অন্যান্য বিজেপি কর্মীরা। শোভনের সন্ধান পেতে তাঁরাও প্রশাসনের বিভিন্ন স্তরে যোগাযোগ করছেন। অন্যদিকে, শোভনের ভাইও রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ সব বিধায়কের কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।