চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্রীপর্ণা পোদ্দারের। শোকাহত পরিবারের কাছে তাঁর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে কী বললেন তিনি, জানুন।
বুকচাপা যন্ত্রণা নিয়ে বৈদ্যবাটিতে নিহত শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা শ্রীপর্ণা। মঙ্গলবার, ২০ অক্টোবর তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে বৈদ্যবাটির ১৮ নম্বর ওয়ার্ডের মালিবাগান এলাকায় যান মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। প্রিয়জনকে হারানোর শোকের মধ্যে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ঘিরে এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
শুভেন্দু অধিকারী বলেন, 'কর্তব্য পালন করতে এসেছি। স্মরণে আছে নাকি অতীতে এরকম কোনও মুখ্যমন্ত্রী এসেছে।' তিনি আরও বলেন, ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু পরের দায়িত্বটা তো পালন করতে হবে। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও নিজের তুলনা করেন। তিনি বলেন, 'অন্যজন করেনি বলে আমি করব না , তা পারবো না। মুখ্যসচিব চিঠি লিখেছেন প্রধান বিচারপতিকে কমিটি গঠন করার জন্য। কলকাতা পুলিশ , পুরসভাকে রাখা হয়নি। ওঁরা দায়িত্বে ছিলেন বলে। আগে কখন শুনেছেন, কোনও সরকার ২৫ লক্ষ টাকা ক্ষতিপুরণ দিয়েছে? আমাদের দায়িত্ব বোঝানোর দরকার নেই।'
কী কারণে দুর্ঘটনা তা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও তাঁর সঙ্গে নিজের তুলনা করেন। তিনি বলেন, 'আমাকে কি আগের মুখ্যমন্ত্রী পেয়েছেন? তদন্ত শেষের আগে কেন বলব এই সব নিয়ে? আপনার যদি মনে হয় থিমের জন্য দুর্ঘটনা তাহলে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দেবেন। বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয়। পরের বছর পুজোর আগে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে। '
চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় শ্রীপর্ণার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও এলাকায়। এই পরিস্থিতিতে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, বৈদ্যবাটিতে শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পরিবারের পাশে থাকার কী আশ্বাস দিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বৈদ্যবাটি সফর উপলক্ষ্যে শ্রীপর্ণাদের বাড়ির সামনের রাস্তা সারানো হয়। এদিন শ্রীপর্ণা পোদ্দারের বাড়িতে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষ্যে স্থানীয় প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন।








