Mamata Banerjee On Yuva Sathi: যুবসাথী নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তাঁর মুখে। তিনি জানান, যুবকদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। শনিবার মালদার মালতীপুরের সামসি কলেজের মাঠে জনসভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন তিনি।

Mamata Banerjee On Yuva Sathi: যুবসাথী নিয়ে আবারও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শুধু আর ভাতা নয়, চাকরির কথাও শোনা গেল তাঁর মুখে। তিনি জানান, যুবকদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। শনিবার মালদার মালতীপুরের সামসি কলেজের মাঠে জনসভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন তিনি। জানান, তৃণমূল থাকলে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা মিলবে। কারও কাছে হাত পাততে হবে না।

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জনসভা করেন মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রে। সেখানে তৃণমূলের প্রার্থী কবিতা মণ্ডল। তার পরে মালতীপুর এবং রাতুয়া বিধানসভার দুই প্রার্থী আব্দুর রহিম বক্সী এবং সমর মুখোপাধ্যায়ের সমর্থনে। তৃতীয় সভা করেন গাজলে প্রসেনজিৎ দাসের সমর্থনে। গত বিধানসভা ভোটে গাজলে তৃণমূলকে ১৭০০-র বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছিল বিজেপি। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের পক্ষে সওয়াল করেন তিনি। ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্প নিয়ে সকলকে আশ্বাসবাণী দেন মমতা। বলেন, "আমরা বলেছিলাম, বিনাপয়সায় খাদ্য দেওয়া হবে, আপনারা রেশন পান কি পান না? বলেছিলাম, মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। পেয়েছেন কি না? ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্ট ফোন, স্কুল ড্রেস পায় কি পায় না? লক্ষ্মীর ভাণ্ডার সারাজীবন থাকবে। তাই তৃণমূল সরকার দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাদের দেরি হচ্ছে, তাঁরাও পাবেন। তাঁদের কাজের ব্যবস্থাও আমরা করব।"

গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন। যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। পরে তিনি জানান যে মার্চ মাস থেকেই টাকা দেওয়া হবে। আবেদন করেও এখনও অনেকেই আছেন যারা যুবসাথীর (Banglar Yuva Sathi) ১৫০০ টাকা পাননি। এবার তাঁদের জন্য বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।