Cpim News West Bengal: শনিবার, শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানে বামেদের উদ্যোগে একটি জনসভার ডাক দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য। সেই সভাতেই বাম ভোট রামে যাওয়ার বিষয়টি কার্যত, মেনে নেন অশোকবাবু। 

Cpim News West Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ফের একবার বাম ভোট রামে যাচ্ছে কিনা, সেই নিয়ে চর্চা তুঙ্গে। অবশ্য তার নেপথ্যে সিপিএম-এর একটি জনসভা। শনিবার, শিলিগুড়ির টিকিয়াপাড়া ময়দানে বামেদের উদ্যোগে একটি জনসভার ডাক দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য। সেই সভাতেই বাম ভোট রামে যাওয়ার বিষয়টি কার্যত, মেনে নেন অশোকবাবু। 

প্রসঙ্গত, একটা সময় বামেদের প্রবীণ নেতা অশোক ভট্টাচার্যকে উত্তরবঙ্গের রুপকার বলা হত। শুধু তাই নয়, ক্রীড়া জগতের দুই নক্ষত্র বাইচুং ভুটিয়া এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও তাঁর বেশ সুসম্পর্ক রয়েছে। অনেকে বলতেন, বামেদের অনেক তাত্ত্বিক নেতার থেকে অনেক এগিয়ে অশোক ভট্টাচার্য। কারণ, তাঁর জনসংযোগ। এহেন প্রবীণ নেতাকে বর্তমানে সিপিএম বয়সের কারণে, কমিটি থেকে ছেঁটে ফেলেছে। তবে বড় জনসভায় আবার তাঁকেই বক্তব্য রাখতে ডাকে বামেরা। 

বাম ভোট রামে?

সেইরকমই একটি জনসভা ছিল শনিবার। সেখানেই বক্তব্য রাখার সময় সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, “ এই যে নির্বাচনটা হবে, সেখানে বামপন্থীদের পুনরুত্থান ভীষণভাবে জরুরি। এই কথাটাই সমস্ত জায়গায় সেলিম বলছেন। কিন্তু একটা কথা দুঃখের সঙ্গে বলতেই হবে, আপনাদের সামনেই তাই বলছি। গত তিনটে নির্বাচনে বহু বামপন্থী মানুষ তৃণমূলকে আটকাতে গিয়ে বিজেপিতে ভোট দিয়ে এসেছেন। এই ভুলটা একদম করবেন না। বামপন্থীদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। আমরাই নতুন কিছু সৃষ্টি করতে পারব।"

Scroll to load tweet…

এই কথা তিনি যখন বলছেন, তখন চেয়ারে বসে থাকা মহম্মদ সেলিম অশোক ভট্টাচার্যের দিকে তাকাচ্ছেন। প্রসঙ্গত, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে যদি লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে যে ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচন, এই তিনটি ক্ষেত্রের পরিসংখ্যানই একটা হিসেব তুলে ধরছে। সেটা হল, বামেদের ভোট বহু সংখ্যায় চলে যাচ্ছে বিজেপিতে। অর্থাৎ, বিজেপির নিজস্ব ভোট ব্যাঙ্কের বাইরে যে ভোটটা আসছে সেটার বেশিরভাগটাই বামেদের ভোট। তার মানে হল, বাম ভোট রামে! 

সেলিমকে পাশে বসিয়ে বললেন অশোক

তবে ভোট ট্রান্সফারের এই সমীকরণকে আনুষ্ঠানিকভাবে কখনোই স্বীকৃতি দেননি তাত্ত্বিক সিপিএম নেতারা। তবে এত আলোচনা এবং পর্যালোচনার পরেও কি কাটবে শূন্যের গেড়ো? ২০২৬ সালের নির্বাচন সেই উত্তর দেবে। কিন্তু তার আগেই এবার কার্যত, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে পাশে বসিয়ে বাম ভোট রামে যাওয়ার তত্ত্বকে প্রকাশ্য জনসভা থেকে স্বীকার করে নিলেন প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। 

বরাবরই তিনি বাস্তবিক পথে হাঁটতে ভালোবাসেন বলে শোনা যায়। এবার তাঁরই মুখে শোনা গেল, বাম ভোট রামে যাওয়ার সমীকরণ। এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা জরুরি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কিন্তু একদা দাপুটে সিপিএম নেতা ছিলেন। যার গুরু ছিলেন এই অশোক ভট্টাচার্যই। গত ২০২১ সালে, বিজেপিতে যোগ দেন শঙ্কর। তারপর নিজের গুরুকে পরাজিত করেই জয় হাসিল করেন। তাই এবার অশোক ভট্টাচার্যের এই মন্তব্য কিছুটা হলেও বিতর্ক তৈরি করেছে। 

তার মধ্যে এই জনসভা ছিল শনিবার। যেদিন দুপুরে, ব্রিগেড সমাবেশ ছিল গেরুয়া শিবিরের। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।