West Bengal Weather Update: পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে পড়েনি ঘূর্ণিঝড় অর্ণব। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। বুধবারের পর বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
KNOW
Cyclone Arnab Landfall Update: অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) উপকূলে ঘূর্ণিঝড় অর্ণব আছড়ে পড়ার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আবহাওয়া বিভাগের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো ছিল। পশ্চিম মেদিনীপুরে ৫০ মিমি বৃষ্টি হয়েছে। পুরুলিয়ায় ৪০ মিমি বৃষ্টি হয়েছে। ঝাড়গ্রামের লালগড়েও ৪০ মিমি বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ৩০ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতায় ২০ মিমি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরে ২০ মিমি বৃষ্টি হয়েছে। ডায়মন্ড হারবারে ২ মিমি বৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহষ্পতিবার উত্তরবঙ্গের সব জেলার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পার্বত্য অঞ্চলে ধসের আশঙ্কা রয়েছে।
ফসলের ক্ষতির আশঙ্কা
বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় নিচু জায়গায় জল জমে যেতে পারে। মাঠে জল জমে যাওয়ার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বজ্রপাত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।






