Dilip on Kharge: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, রাহুল গান্ধী ও খাড়গে মিলেই কংগ্রেসের কবর খুঁড়ছেন।

বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এবার "অবসর" নেওয়া উচিত। পাশাপাশি, বিদেশের মাটিতে বসে ভিত্তিহীন রাজনৈতিক মন্তব্য করার জন্য রাহুল গান্ধীরও কড়া সমালোচনা করেন তিনি।

মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্য

মল্লিকার্জুন খাড়্গের বিতর্কিত "মোদীর বাপও যাবে" মন্তব্য নিয়ে এই মুহূর্তে দেশজুড়ে তুমুল রাজনৈতিক তরজা চলছে। শাসক দল বিজেপি এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর ঠিক সেই আবহেই দিলীপ ঘোষ এই কড়া আক্রমণ শানালেন।

পাল্টা জবাব দিলীপ ঘোষের

কংগ্রেস সভাপতির ভাষা ও সাম্প্রতিক আচরণের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, খাড়গের বয়স ও রাজনৈতিক হতাশা এখন স্পষ্ট হয়ে উঠছে। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "(মল্লিকার্জুন) খাড়গে নিজেই বলেছেন যে তাঁর বয়স হয়েছে এবং অবসর নেওয়া উচিত। এই বয়সে তিনি এত হতাশা সামলাতে পারছেন না, তাই মাঝে মাঝে এমন কথা বলে ফেলছেন। তাঁর কেরিয়ার শেষ, বয়সও পেরিয়ে গেছে, আর দলটাও শেষের পথে। স্রেফ হতাশা থেকেই তিনি এমন কথা বলছেন।" তিনি আরও বলেছেন, মোদীরার বাবা-মা যারা রাজনীতিতে তেমনভাবে কোনও দিনই সক্রিয় ছিলেন না তাদের নিয়ে কটাক্ষ করা হচ্ছে। যা রাজনৈতিক সৌজন্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

রাহুল গান্ধীকে নিশানা দিলীপ ঘোষের

বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তাঁর ঘনঘন বিদেশ সফরের দিকে ইঙ্গিত করে দিলীপ ঘোষ বলেন, "কোনও মন্তব্য করার আগে রাহুল গান্ধীর উচিত দেশে ফেরা... মানুষ তো আপনাকেই খুঁজে পাচ্ছে না... এবার রাহুল গান্ধী আর খাড়্গেজি মিলেই কংগ্রেস দলের কবর খুঁড়বেন।" আগামী ৪ নভেম্বর সঙ্গরুর থেকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার কথা রয়েছে রাহুল গান্ধীর। সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমি ওঁর মুখে এমন অনেক কথা শুনেছি; ওসবে কিছুই হবে না।"

খাড়গের বিতর্কিত মন্তব্যের কারণ

রবিবার পাটনায় বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংয়ের ১৩৯তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। সেখানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে যখন বক্তব্য রাখছিলেন, তখন দর্শকদের মধ্যে থেকে একজন বলে ওঠেন যে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও যাবেন না।" এর কড়া জবাবে খাড়্গে বলে বসেন: "মোদীর বাপও যাবে।"

এই মন্তব্যের পরক্ষণেই দেশজুড়ে প্রতিবাদে সরব হয় বিজেপি। তারা নিঃশর্ত ক্ষমার দাবি তোলে। তবে কংগ্রেস তাদের সভাপতির পাশেই দাঁড়িয়েছে। তাদের দাবি, এটি একটি চলতি কথার প্রয়োগ মাত্র, কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার জন্য বলা হয়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক শালীনতার মাত্রা বারবার নিচে নামানোর জন্য তিনি কংগ্রেস নেতৃত্বকে একহাত নেন। শাহ তাঁর পোস্টে লেখেন, "পাটনায় মোদীজির বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে আজ শালীনতার সব সীমা ছাড়িয়ে গেছেন। মোদীজি বা তাঁর পরিবারকে নিয়ে কংগ্রেস যে এই প্রথম এমন কুরুচিকর ভাষা ব্যবহার করল, তা নয়। কখনও তারা তাঁর শ্রদ্ধেয়া মাকে অপমান করেছে, কখনও তাঁকে 'মৃত্যুর সওদাগর' বলেছে, আবার কখনও 'চা-ওয়ালা' বলে তাঁর দারিদ্র্যকে উপহাস করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল প্রতিদিন অশালীনতার সব সীমা পার করছে।"

অমিত শাহ দাবি করেন, গত ১২ বছর ধরে টানা নির্বাচনী ব্যর্থতা কংগ্রেসকে চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে। তাদের কাছে এখন মানুষের কোনও আসল ইস্যু নেই, তাই বাধ্য হয়েই তারা স্রেফ "কুৎসার রাজনীতি"-র ওপর ভরসা করছে।