Free Bus Service: মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবায় অনলাইন টিকিট বুকিংয়ে লাগাম টানতে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার থেকে টিকিট কাটার নিয়মে বদল আনল রাজ্য সরকার। কী কী নতুন নিয়ম চালু হচ্ছে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Free Bus Service: মহিলাদের বিনামূল্যে সরকারি বাসযাত্রায় নতুন নিয়ম, দূরপাল্লার বাসে অনলাইন টিকিট বুকিংয়ে লাগাম রাজ্যের। মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধায় এবার নতুন নিয়ম চালু করতে চলেছে রাজ্য সরকার। বিশেষ করে দূরপাল্লার বাসে বিনামূল্যে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কড়াকড়ি করা হচ্ছে। আর ইচ্ছেমতো অনলাইনে টিকিট বুক করতে পারবেন না মহিলা যাত্রীরা।

মহিলাদের জন্য বাস পরিষেবা নিয়ে নয়া নিয়ম চালু রাজ্য সরকারের:- 

টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আসন সংরক্ষণের নতুন নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। শহরের পাশাপাশি দূরপাল্লার বাসেও এই সুবিধা মিলছে। সল্টলেক থেকে দিঘা, পুরী এমনকী দার্জিলিং যাওয়ার ক্ষেত্রেও এই সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা।

তবে এই পরিষেবা চালু হওয়ার পর থেকেই দূরপাল্লার বাসে বিনামূল্যের টিকিটের অপব্যবহারের অভিযোগ উঠছিল। অভিযোগ, অনলাইনে টিকিট বুক করার পর অনেক যাত্রী নির্দিষ্ট সময়ে বাসে উঠছেন না। ফলে সংরক্ষিত আসন ফাঁকা থেকে যাচ্ছে। এতে একদিকে যেমন অন্য যাত্রীরা টিকিট পাচ্ছেন না, অন্যদিকে পরিবহণ নিগমেরও আর্থিক ক্ষতি হচ্ছে।

CBI On Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে অস্বস্তি বাড়ছে প্রাক্তন মন্ত্রীর, জেলেই CBI জেরার মুখে সুজিত বসু

এই পরিস্থিতিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। নতুন নিয়ম অনুযায়ী, দূরপাল্লার সরকারি বাসের মোট আসনের মাত্র ৩০ শতাংশ অনলাইন বুকিংয়ের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ৭০ শতাংশ আসনের টিকিট কাটতে হবে অফলাইনে। অর্থাৎ কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হবে।

গত কয়েক মাস ধরে এই সমস্যা নিয়ে আলোচনা চলছিল পরিবহণ দফতরে। বিনামূল্যে বাসযাত্রার সুবিধা যাতে প্রকৃত যাত্রীরা পান এবং আসন ফাঁকা পড়ে না থাকে, সেই লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ বলে জানা যাচ্ছে। তবে নতুন নিয়ম কবে থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তির অপেক্ষা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।