Jagadhatri Puja Celebrations: পশ্চিমবঙ্গে জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত হুগলি জেলার চন্দননগর এবং নদিয়া জেলার কৃষ্ণনগর। তবে প্রাচীন শহর হাওড়াতেও বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। তেমনই এক পুজো হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা বালক সংঘের পুজো। এখানে ছয় দশকেরও বেশি সময় ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। এবার এখানে ৬১ বছরের পুজো হচ্ছে।

Jagadhatri Puja 2026 Howrah: হাওড়ার ইছাপুরের শিয়ালডাঙা অঞ্চলে বালক সংঘে ছয় দশকেরও বেশি সময় ধরে চলছে বার্ষিক জগদ্ধাত্রী পুজো। এবার এখানে ৬১-তম বছরের পুজো চলছে। সপ্তমীর দিন দেবীর বোধনের মাধ্য়মে পুজো শুরু হয়েছে। বুধবার নবমীর দিন জাঁকজমক সহকারে পুজো চলছে। এখানে দেবী 'ইছাপুরের রানি' হিসেবে পরিচিত। বালক সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পুজোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকেন। নবমীর পুজোয় প্রতি বছর অসংখ্য মানুষ ভিড় জমান। অনেকে নানা মনস্কামনা নিয়ে পুজো দিতে আসেন। প্রতি বছর অগণিত মানুষ দণ্ডি কাটেন। মহা হোমের সময় পুজো মণ্ডপে থাকেন অসংখ্য মানুষ। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। বহু মানুষ পুজো মণ্ডপে ভিড় জমিয়েছেন।

শিয়ালডাঙায় জাগ্রত দেবী জগদ্ধাত্রী

শিয়ালডাঙা বালক সংঘের জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য শুভজিৎ ভাদুড়ি জানিয়েছেন, ‘এই পুজোর সঙ্গে ৬১ বছরের গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে। আজ মহানবমী। এই মহানবমীর দিন মায়ের কাছে অগণিত ভক্ত আসেন। তাঁরা প্রার্থনা করেন, মনস্কামনা জানান। আমরা যারা এই পুজোর সঙ্গে যুক্ত তারা সবসময় বলি, মায়ের কাছে যদি ভক্তি ভরে কেউ কিছু চান, মা কাউকে খালি হাতে ফেরান না। বাস্তবে তার প্রতিফলন দেখা যায়। বিভিন্ন সময়ে মায়ের কাছে প্রার্থনা করে কখনও চাকরি হয়েছে, কখনও দুরারোগ্য ব্যাধি দূর হয়েছে। অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। মায়ের সুর্যের ন্যায় দৃষ্টি, দৃপ্ত মুখ এবং সোনায় মোরা অলংকরণ। মা যেন রাজবেশে রাজরানি রূপে বিরাজমান। তিনি দিনে দিনে হয়ে উঠেছেন মাতৃরূপেন সংস্থিতা। আমাদের রানি মা। ইছাপুরে এই পূজার কোনও বিকল্প নেই। এই ইছাপুর যেখানে লোহার শব্দে ঘুম ভাঙে, কলকারখানার কাজের মাঝে আমাদের দিন কাটে সেখানে রানি মা আসেন এক টুকরো হেমন্তের মাঝে শীতের কলতানে সন্ধ্যায় আমাদের সকল মনস্কামনা পূর্ণ করতে। তিনি আসেন। তিনি বিরাজমান সর্বত্র। জগৎকে ধারণ করেন।’

সারা বছর ধরে নানা কর্মকাণ্ড

শুধু জগদ্ধাত্রী পুজোই নয়, সারা বছর ধরেই শিয়ালডাঙা বালক সংঘের সদস্যরা নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন। রক্তদান শিবির-সহ নানা ধরনের কার্যকলাপ চলে। এভাবেই সবার সঙ্গে সংযোগ বজায় রাখতে চাইছে এই ক্লাব। তবে বছরের সেরা আকর্ষণ অবশ্যই জগদ্ধাত্রী পুজো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।