Dipsita Dhar: লাল শিবিরের তরুণ প্রজন্মের দলের প্রতি মোহভঙ্গ নিয়ে এখন জোর জল্পনা। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ও ডায়মন্ডহারবার লোকসভায় প্রার্থী প্রতীক উর রহমানকে নিয়ে জল্পনার মাঝে এবার আরও এক তরুণ প্রজন্মের নেত্রীকে ঘিরে জোর গুঞ্জন
Dipsita Dhar: লাল শিবিরের তরুণ প্রজন্মের দলের প্রতি মোহভঙ্গ নিয়ে এখন জোর জল্পনা। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ও ডায়মন্ডহারবার লোকসভায় প্রার্থী প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)-কে নিয়ে জল্পনার মাঝে এবার আরও এক তরুণ প্রজন্মের নেত্রীকে ঘিরে জোর গুঞ্জন। সূত্রের খবর, এখনও সিপিএমের সদস্যপদ নবীকরণ করাননি দলের অগ্নিকন্যা হিসাবে সোশ্য়াল মিডিয়ায় পরিচিত দীপ্সিতা ধর। সংবাদমাধ্যমে প্রকাশ, দীপ্সিতা এখনও সিপিএমের প্রাথমিক সদস্যপদ পুনর্নবীকরণই (রিনিউয়াল) করাননি! এমন খবরের পর জোর জল্পনা শুরু হয়েছে। প্রসঙ্গত, গত বিধানসভায় বালি বিধানসভা কেন্দ্র থেকে লড়ে ২২ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী দীপ্সিতা। তারপর তিনি ২০২৪ শ্রীরামপুর লোকসভায় দাঁড়িয়ে ২ লক্ষ ৩৯ হাজার ভোট পেয়ে তৃতীয় হন। কদিন ধরেই শোনা যাচ্ছিল হুগলির উত্তরপাড়া থেকে কাস্তে হাতুড়ি নির্বাচনে লড়বেন দীপ্সিতা। গত লোকসভা ভোটে শ্রীরামপুর থেকে দাঁড়িয়ে উত্তরপাড়ায় ভাল ভোট পেয়েছিলেন তিনি। উত্তরপাড়া বিধানসভায় দীপ্সিতা ৫০ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু পরে শোনা যায় উত্তরপাড়া থেকে দীপ্সিতা নয় মিনাক্ষী মুখোপাধ্য়ায়কে প্রার্থী করতে পারে সিপিএম। দীপ্সিতার পার্টি সদস্যপদ নবীকরণ না করাকে সেই প্রেক্ষাপটেও ফেলে দেখছেন অনেকে। তবে দীপ্সিতার ঘনিষ্ঠরা এসব তত্ত্ব পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন।
কী বিষয় নিয়ে তৈরি হয়েছে সংশয়
সিপিএমের দলীয় নিয়ম অনুযায়ী, সদস্যপদ নবীকরণ হয় প্রতি বছর পয়লা জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে। তবে সাধারণ পার্টি সদস্যদের নবীকরণ জানুয়ারির মধ্যেই হয়ে যায়। এরপর সেটা যায় জেলা স্তরে যায় অনুমোদনের জন্য। কেন্দ্রীয় ভাবে সিপিএমে বিভিন্ন স্তরে অনেকের সদস্যপদ থাকে। যাকে দলীয় পরিভাষায় বলা হয় 'পার্টিকেন্দ্রের সদস্যপদ'। তেমন সদস্যদেরও নবীকরণ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হয়ে যায়। কিন্তু এখন ফেব্রুয়ারির ১৯ তারিখ হয়ে গেছে, কিন্তু দীপ্সিতার সদস্যপদের নবীকরণ এখনও হয়নি। তবে দীপ্সিতার দলীয় সদস্যপদ দিল্লিতে। তিনি যেহেতু দিল্লিতে ছিলেন তাই পশ্চিমবঙ্গে নয়, সেই সূত্রে দেশের রাজধানী শহরেই তাঁর দলীয় সদস্যপদ রয়েছে।
কী জানালেন দীপ্সিতা
এই ইস্যুতে মুখ খুলেছেন দীপ্সিতা। সদস্যপদ নবীকরণ প্রসঙ্গে দীপ্সিতা জানাম, "আমার পার্টি সদস্যপদ দিল্লিতে। গঠনতন্ত্র অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত পুনর্নবীকরণের সময় রয়েছে।" এরপরে তিনি বলেন,'পার্টির সদস্যপদ এবং রিনিউয়াল পার্টির অভ্যন্তরীণ বিষয়। এটা আচমকা কি করে সংবাদমাধ্যম জানছে আর সে বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার কী আছে, সেটা বুঝতে পারছি না।" সূত্রের খবর, প্রতীক-উর পর্ব নিয়ে দীপ্সিতা চিন্তা করছেন। এখন সিপিএম নেত্রী দেখতে চাইছেন, প্রতীক-উর কী করেন। এই জল্পনার মাঝে শোনা যাচ্ছে, সম্প্রতি দীপ্সিতা কয়েকটি বিতর্কসভাতেও অংশগ্রহণ করেননি।


