BJP West Bengal: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) যত এগিয়ে আসছে ততই বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ, সংঘর্ষ বাড়ছে। শাসক দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে। এবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে (Gangasagar) মারাত্মক অভিযোগ উঠল।

DID YOU
KNOW
?
শাসক-বিরোধী তরজা
বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় শাসক দলকে আক্রমণ করেছে বিজেপি।

West Bengal Politics: বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে এক চাঞ্চল্যকর হামলার শিকার হলেন বিজেপি (BJP) নেতা ত্রিলোকেশ ঢালী (৬৬)। শ্রীধাম মোড় ও গঙ্গাসাগর বাস টার্মিনাসের মাঝামাঝি অঞ্চলে বাইক আরোহী দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে দু'রাউন্ড গুলি চালায়। এদিন সকালে ত্রিলোকেশবাবু বাইক নিয়ে বাজারে যাওয়ার সময় শ্রীধাম মোড়ের কাছে ওত পেতে থাকা আততায়ীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি তাঁর পেটে এবং বুকে লাগে। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে প্রথমে কাকদ্বীপ এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে (জোকা বা ডায়মন্ড হারবার হয়ে কলকাতা) স্থানান্তরের পরামর্শ দেন।

বিজেপি-র বিক্ষোভ

এই ঘটনার প্রতিবাদে বিজেপি-র কর্মী-সমর্থকরা রুদ্রনগর বিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন এবং পথ অবরোধ করেন। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই খুনের চেষ্টা করেছে। এই ঘটনার পর থেকে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। শাসক দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শাসক দলের দিকে অভিযোগের তির পরিবারের

জখম বিজেপি নেতার ছেলে ত্রিদীপ ঢালী অভিযোগ করেছেন, 'সাগরে এর আগে এত দুষ্কৃতীদের দাপট ছিল না। তবে এখন এখানে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে।' ত্রিদীপের আরও দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর বাবার প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করতে পারে। এই কারণেই তৃণমূল কংগ্রেসের (AITC) চক্রান্তেই এই বিজেপি নেতাকে খুনের চেষ্টা হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজ শুরু হয়েছে। হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।