Durga Puja 2026: দুর্গাপুজোয় এবার হোক ডেস্টিনেশন সাউথ সিটিমল। শপিংয়ের ফাঁকে কিংবা আড্ডার আসরে ঢুঁ মারতে পারবেন এই মলের দুর্গাপুজোয়। কী বলছেন মল কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Durga Puja 2026: রথযাত্রা শেষ মানেই ঢাকের পিঠে পড়ে গিয়েছে কাঠি। বছরভর পাঁচটাদিনের জন্য অপেক্ষা করে থাকা বাঙালির কাউন্টডাউন শুরু। দুর্গা পুজোর আর হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি। তার আগে এখন থেকেই কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে। মৃণ্ময়ী মাকে চিন্ময়ী করার জন্য দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। তবে শুধু পাড়ার পুজো বা ক্লাব নয়। এবার শপিংমলেও মিলবে দুর্গাপুজোর আনন্দ। কারণ শহরের নামজাদা একটি শপিংমলে এবার আয়োজন করা হচ্ছে দুর্গাপুজোর। সেইমতো চলছে চূড়ান্ত প্রস্তুতি।

কলকাতার কোন মলে হবে দুর্গাপুজো?

দুর্গাপুজো মানেই হৈ হুল্লোড়। পাঁচটা দিন পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে আনন্দে মেতে থাকেন সবাই। শহর থেকে মফস্বল আনাচে কানাচে দুর্গাপুজো হলেও এই প্রথম দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে আয়োজন করা হচ্ছে উমা আরাধনার। কলাবউ স্নান থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলী। পুরোহিত দিয়ে এখানে পুজোর আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন শপিং মলের ডিরেক্টর দীপ বিশ্বাস। এই বিষয়ে তিনি জানান যে, বছরভর সাউথ সিটিতে মানুষের ভিড় থাকেই। কিন্তু সামাজিক মেলবন্ধনের সবচেয়ে বড় মঞ্চ তো দুর্গাপুজোই। খাওয়াদাওয়া, আড্ডার মাঝে যাতে সরাসরি পুজোর মেজাজে মেতে উঠতে পারেন আমজনতা, সেই কারণেই এই সিদ্ধান্ত। অন্যান্য বার দুর্গাপুজোর সময় মা দুর্গার প্রতিকী ছবি ইনস্টল করা থাকে মলের সেন্টার পজিশনে। তবে এবার রীতিমতো মণ্ডপ করে পুজোর আয়োজন করা হচ্ছে।

শুরু দুর্গা প্রতিমা নির্মাণের কাজ:-

সাউথ সিটি মলের দুর্গাপুজোর প্রতিমা তৈরির বরাত পেয়েছেন শিল্পী শুভঙ্কর দত্ত। জানা গিয়েছে, তার হাতের ছোঁয়াতেই সেজে উঠবে সাউথ সিটি মলের দুর্গাপুজো। থিম হচ্ছে 'যাত্রা'। এই বিষয়ে মৃৎশিল্পী জানান, হাট থেকে শপিং মলের বিবর্তনের কাহিনি যেমন তাঁর ভাবনায় ফুটে উঠবে তেমনই আবার দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে নানা অজানা লোকগাথাও হবে থিমসজ্জার অংশ। তবে শপিং মলে মণ্ডপ তৈরির অভিজ্ঞতা যে একেবারে ভিন্ন, সেকথাও জানালেন তিনি। বলেন, "মাঠ কিংবা রাস্তায় মণ্ডপ সজ্জার অভিজ্ঞতা রয়েছে। তবে শপিং মলে এই প্রথমবার। সেক্ষেত্রে মণ্ডপ তৈরির আগে ইঞ্জিনিয়ারদের সঙ্গে দফায় দফায় আলোচনা করতে হয়েছে। যাতে কোনওরকমভাবে পুজোর সময় শপিং মলে কোনও সমস্যা তৈরি না হয়। মণ্ডপের সুউচ্চ কাঠামো যাতে যেকোনও পরিস্থিতিতেই অটুট থাকে।" সব মিলিয়ে দুর্গাপুজোর আর মাত্র ৫০ দিনও বাকি নেই। তাহলে আর কী এবার পুজোয় অন্য স্বাদ পেতে ঢুঁ মারতেই পারেন এই সাউথ সিটি মলে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।