Kali Puja 2026: কলকাতা পুরসভার প্রকাশিত 'Civic Arrangements During Kali Puja 2026' শীর্ষক নির্দেশিকা অনুযায়ী, এবছর ৮ নভেম্বর, রবিবার কালীপুজো। ৯ নভেম্বর, সোমবার থেকে ১২ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন পর্ব। পুরসভার তথ্য অনুযায়ী, কলকাতা পুলিশের অনুমতি পেয়েছে মোট ৩৪০০টি কালীপুজো। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Kali Puja 2026: কালীপুজোর বিসর্জন ঘিরে বিশেষ প্রস্তুতি কলকাতা পুরসভার। ৩৩টি ঘাটে একাধিক ব্যবস্থা। কলকাতায় কালীপুজো ও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিশেষ নাগরিক পরিষেবার ব্যবস্থা করল কলকাতা পুরসভা। বিসর্জন পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে একাধিক দফতরের আধিকারিক ও কর্মীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন গঙ্গার ঘাট, আদিগঙ্গার ঘাট এবং জলাশয়গুলিতেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কালীপুজোর প্রতিমা বিসর্জনে বিশেষ প্রস্তুতি কলকাতা পুরসভার:-
কলকাতা পুরসভার প্রকাশিত 'Civic Arrangements During Kali Puja 2026' শীর্ষক নির্দেশিকা অনুযায়ী, এবছর ৮ নভেম্বর, রবিবার কালীপুজো। ৯ নভেম্বর, সোমবার থেকে ১২ নভেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন পর্ব। পুরসভার তথ্য অনুযায়ী, কলকাতা পুলিশের অনুমতি পেয়েছে মোট ৩৪০০টি কালীপুজো। বিসর্জনের জন্য শহরে চিহ্নিত করা হয়েছে মোট ৩৩টি ঘাট। এর মধ্যে হুগলি নদীর তীরে ২১টি, আদিগঙ্গায় ৩টি এবং বিভিন্ন পুকুর ও জলাশয়ে রয়েছে ৯টি বিসর্জনস্থল।
বিসর্জন পর্বে পুরসভার পার্ক, স্কোয়ার ও ঘাট বিভাগ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, আলো, স্বাস্থ্য, জল সরবরাহ, রাস্তা এবং সিভিল বিভাগের আধিকারিকদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি বিসর্জন ঘাটগুলিতে সিনিয়র আধিকারিক ও পুরকর্মীদের মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে বায়ো-টয়লেট বসানো, ঘাটগুলির আলো ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্য পরিষেবার জন্য বিশেষ ডিউটি রোস্টার তৈরি করেছে পুরসভা।
যেকোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় চালু থাকছে পুরসভার কন্ট্রোল রুম। কলকাতা পুরসভার সদর দফতরের কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২২৮৬-১২১২, ১৩১৩ এবং ১৪১৪। মোবাইল নম্বর ৯৮৩০৩-২৪৩৩০। কলকাতা পুলিশের কন্ট্রোল রুম এবং দমকলের জরুরি পরিষেবার নম্বরও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে কালীপুজোর বিসর্জন পর্বে শহরের নাগরিক পরিষেবা সচল রাখা এবং ঘাটগুলিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করাই কলকাতা পুরসভার মূল লক্ষ্য।
অন্যদিকে, কালীপুজোর রাতে কলকাতায় ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের মধ্যে ২০৫ জন নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে এবং ৩৮৭ জন বিশৃঙ্খল আচরণের জন্য গ্রেফতার হয়েছেন। এ ছাড়া ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয়েছে। ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে ৫৯৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হেলমেট না পরায় ৪৫৪ জন বাইকচালক ও সহযাত্রী, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৭৫ জন এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ৬৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নজরদারি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।













