Kolkata Durga Puja: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আর হাতে গোনা কয়েক দিন বাকি। শহর থেকে শহরতলি উমা আরাধনায় ব্যস্ততা তুঙ্গে। আর এবার পালা বদলের বাংলায় দুর্গাপুজো ঘিরে নতুন উন্মাদনা। কী বলছে রাজ্য সরকার? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Kolkata Durga Puja: বছরের শেষে আলোর রোশনাই বড়দিনের উৎসব আর বর্ষবরণের কাউন্টডাউন অ্যালেন পার্কের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে এই পরিচিত ছবি। পার্কস্ট্রিটের বড়দিনের উৎসবের আবহে প্রতি বছরই নতুন সাজে সেজে ওঠে অ্যালেন পার্ক। সাংস্কৃতিক অনুষ্ঠান খাবারের নানা স্টল আর রঙিন আলোকসজ্জায় জমে ওঠে উৎসবের মরশুম। তবে এবার সেই পরিচিত ছবিতে আসতে চলেছে বড় বদল।
বড়দিনের আগে দুর্গাপুজোয় মাতবে অ্যালেন পার্ক?
বছরের শেষ কিংবা নতুন বছরের শুরুতে নয় এবার দেবী দুর্গার আরাধনায় সেজে উঠতে চলেছে অ্যালেন পার্ক। রাজ্যে পালাবদলের পর এই প্রথম সেখানে দুর্গাপুজোর আয়োজন হতে চলেছে। আর প্রথম দুর্গাপুজো ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল।
Kolkata Sanatani Sangha র উদ্যোগে অ্যালেন পার্কে এবার হবে থিমের পুজো। প্রতিমায় থাকবে সাবেকিয়ানার ছোঁয়া। মণ্ডপসজ্জা এবং পরিকল্পনায় থাকছে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন। উল্লেখযোগ্যভাবে চেতলা অগ্রণীর দুর্গাপুজোর সঙ্গে যুক্ত শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ই অ্যালেন পার্কের মণ্ডপ ও প্রতিমা পরিকল্পনার প্রধান শিল্পী হিসেবে রয়েছেন।
অর্থাৎ যে অ্যালেন পার্ক এতদিন বড়দিনের উৎসবের জন্যই শহরের কাছে বিশেষভাবে পরিচিত ছিল এবার সেখানেই শোনা যাবে ঢাকের বাদ্যি উঠবে উলুধ্বনি। আলোকসজ্জার মাঝে হবে দেবী দুর্গার আরাধনা।
তবে এই নতুন অধ্যায় ঘিরে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটও। অ্যালেন পার্ক ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। অতীতে ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই পার্কে বড়দিনের উৎসবের আয়োজন হয়েছে সেই আয়োজনের উদ্বোধনও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
রাজনৈতিক পালাবদলের পর বর্তমানে ভবানীপুরের বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে ‘Kolkata Sanatani Sangha’-র সভাপতি পদে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা এবং সচিব পদে রয়েছেন নবীন মিশ্র। যারফলে প্রশ্ন উঠছে অ্যালেন পার্কের এই নতুন অধ্যায় কি ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর হাত ধরেই শুরু হতে চলেছে?
বড়দিনের উৎসবের জন্য পরিচিত অ্যালেন পার্ক এবার সাক্ষী হতে চলেছে শারদোৎসবের। ঢাকের বাদ্যি উলুধ্বনি আর দেবী আরাধনায় পার্ক স্ট্রিটের উৎসবের ইতিহাসে যুক্ত হতে চলেছে নতুন এক অধ্যায়। ঐতিহ্য সংস্কৃতি ও উৎসবের মেলবন্ধন শেষ পর্যন্ত কতটা নজর কাড়ে এখন সেটাই দেখার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


