কলকাতা ও হাওড়ার পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক। পুরভোটের প্রস্তুতি, প্রশাসনিক ব্যবস্থা ও নির্বাচন পরিচালনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

রাজ্যের আসন্ন পুরসভা ও পুরনিগম নির্বাচনকে সামনে রেখে তৎপর রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সকাল ১১টায় নির্বাচন হতে চলা সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটের প্রস্তুতি থেকে শুরু করে সংশ্লিষ্ট জেলাগুলির সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন।

হাওড়া-কলকাতার পুরভোট নিয়ে তৎপর কমিশন

কোথায় নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, ভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো কতটা তৈরি রয়েছে, ইভিএমের ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি—এই সমস্ত বিষয় নিয়ে জেলাশাসকদের সঙ্গে আলোচনা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।

বিশেষ গুরুত্ব হাওড়াকে

আসন্ন পুরভোটের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচনকে ঘিরে। কারণ, দুই পুর এলাকারই প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তন হয়েছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের পর কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। অর্থাৎ, আগের তুলনায় ৬৫টি নতুন ওয়ার্ড যুক্ত হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। অর্থাৎ সেখানে বেড়েছে ১৮টি ওয়ার্ড।

ফলে দুই পুর এলাকার আসন্ন নির্বাচন এবার নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতেই হওয়ার কথা। ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির ফলে ভোটারদের বিন্যাস, নির্বাচনী প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনাতেও বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে কলকাতার ক্ষেত্রে পুরসভার নির্বাচনী মানচিত্রে এই পুনর্বিন্যাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে বুধবারের বৈঠকে কলকাতা ও হাওড়ার নির্বাচনী প্রস্তুতি বিশেষ গুরুত্ব পেতে পারে বলেই মনে করা হচ্ছে। নতুন ওয়ার্ডের নিরিখে ইভিএমের প্রয়োজনীয়তা, ভোটকর্মী মোতায়েন, ভোটগ্রহণ কেন্দ্র এবং অন্যান্য পরিকাঠামোগত প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। পাশাপাশি নির্বাচন হতে চলা অন্যান্য পুরসভা ও পুরনিগম এলাকার সামগ্রিক পরিস্থিতিও খতিয়ে দেখবে রাজ্য নির্বাচন কমিশন।

রাজ্য নির্বাচন কমিশনের এই বৈঠককে আসন্ন পুরভোটের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ডিসেম্বর মাসে হাওড়া আর কলকাতায় পুরভোট হতে পারে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি।