- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Metro: দশমীতে কোন রুটে কখন মিলবে মেট্রো পরিষেবা? বাড়ি থেকে বেরনোর আগে জানুন আপডেট
Kolkata Metro: দশমীতে কোন রুটে কখন মিলবে মেট্রো পরিষেবা? বাড়ি থেকে বেরনোর আগে জানুন আপডেট
Kolkata Metro: দুর্গাপুজোয় রাতভর মেট্রো পরিষেবা দেওয়ার পাশাপাশি বুধবার দশমীতেও বিশেষ সূচি | পুজোর চার দিন ব্লু লাইনে ভোর ৪টে পর্যন্ত এবং গ্রিন লাইনে ভোররাত পর্যন্ত চলেছে মেট্রো | ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বন্ধ অরেঞ্জ লাইনের পরিষেবা।

দশমীতে মেট্রোর সময়সূচিতে বদল?
দুর্গাপুজোয় দর্শনার্থী ও প্যান্ডেল হপিংয়ে বেরনো মানুষের ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবার পরিকল্পনা জানিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী পুজোর প্রতিটি দিনের জন্য আলাদা সময়সূচি ঘোষণা করা হয়েছে। তবে আজ দশমীতে কোন রুটে কখন মিলবে পরিষেবা? সেই সমস্ত কিছুর আপডেট জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।

দশমীতে ব্লু লাইনে মেট্রো কখন থেকে চালু হবে?
দশমীতে মেট্রো পরিষেবা কিছুটা কমবে। ২১ অক্টোবর দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ব্লু লাইনে মোট ১৪০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। বুধবার শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে দুপুর ১টায় প্রথম ট্রেন ছাড়বে। মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৫ মিনিটে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশে প্রথম পরিষেবাও মিলবে দুপুর ১টা ৫ মিনিটে। রাত ১০টা ৩০ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দমদম এবং দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমারের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে।
দশমীতে গ্রিন লাইনে পরিষেবা কখন?
দশমীতে গ্রিন লাইনে পরিষেবা চলবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। ওই দিন মোট ৭৪টি ট্রেন চলবে, যার মধ্যে ৩৭টি আপ এবং ৩৭টি ডাউন। ট্রেনের ব্যবধান থাকবে ১৫ মিনিট। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩০ মিনিটে এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম ট্রেন ছাড়বে দুপুর ১টা ৩২ মিনিটে। দুই প্রান্ত থেকেই শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
ইয়েলো লাইনে কখন মিলবে মেট্রো?
দশমীতে ইয়েলো লাইনে মোট ৬২টি পরিষেবা চালানো হবে। বিকেল ৩টে থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ট্রেন চলবে। ট্রেনের ব্যবধান থাকবে ১২ মিনিট। প্রথম ট্রেন নোয়াপাড়া থেকে বিকেল ৩টেয় এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে বিকেল ৩টা ২৪ মিনিটে ছাড়বে। শেষ ট্রেন নোয়াপাড়া থেকে রাত ৯টা ১৪ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯টা ৩৮ মিনিটে ছাড়বে।
পার্পল লাইনে পুজোর বিশেষ সূচি
২১ অক্টোবর পার্পল লাইনে মোট ৩৮টি পরিষেবা থাকবে। পরিষেবা চলবে বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। ট্রেনের ব্যবধান থাকবে ২৫ মিনিট। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টেয় এবং মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২৫ মিনিটে। শেষ ট্রেন জোকা থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে এবং মাঝেরহাট থেকে রাত ১০টা ৫৫ মিনিটে।
দশমীতে অরেঞ্জ লাইনে বন্ধ পরিষেবা
অরেঞ্জ লাইনে মহাপঞ্চমী ও মহাষষ্ঠীতে প্রতিদিন ৬২টি পরিষেবা চালানো হয়েছিল। কৃতী সুবাস থেকে বেলেঘাটা পর্যন্ত ট্রেন চলবে সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত। অন্যদিকে, বেলেঘাটা থেকে কৃতী সুবাসের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। এই লাইনে ট্রেনের ব্যবধান থাকবে ২৫ মিনিট। ২১ অক্টোবর, বুধবার অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিন এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
স্মার্ট কার্ড ও মোবাইল টিকিট কেনার পরামর্শ
পুজোর ভিড়ের কথা মাথায় রেখে যাত্রীদের আগে থেকেই স্মার্ট কার্ড কেনা অথবা ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনে পৌঁছনোর আগেই কিউআর কোড-ভিত্তিক মোবাইল টিকিট কেটে রাখলে টিকিট কাউন্টারে ভিড় এড়ানো সম্ভব হবে।








