Kolkata Police On Durga Puja: দুর্গাপুজোয় শহর কলকাতার নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ কলকাতা পুলিশের। পুজোর ভিড় সামলাতে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার পুলিশকর্মী ও ট্রাফিক কর্মী। শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে রাখা হবে অ্যাম্বুল্যান্স। বিশদে জানুন সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।

Kolkata Police On Durga Puja: বেজে গিয়েছে উৎসবের বাদ্যি। আজ চতুর্থী। অনেকেই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়বেন প্যান্ডেল হপিংয়ে। আর এই প্যান্ডেল হপিংয়ে যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য বড় কলকাতা পুলিশ প্রশাসনের। জানা গিয়েছে, এবছর পুজোর ট্রাফিক সামলাতে ৬০০০ পুলিশকর্মী, ১৪টি পয়েন্টে অ্যাম্বুল্যান্স! মিছিল নিয়েও কড়া বার্তা দিয়েছেন কলকাতার সিপি অজয় কুমার নন্দ।

কী বললেন সিপি?

দুর্গাপুজোর দিনগুলিতে কলকাতার রাস্তায় বাড়বে মানুষের ভিড়। প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ঢল নামার পাশাপাশি শহরের বিভিন্ন বাজার ও শপিং মলেও ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই পুজোর ট্রাফিক ব্যবস্থাপনায় একাধিক পদক্ষেপ করা হয়েছে বলে জানালেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।

কলকাতা পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে দুর্গাপুজোর গাইড ম্যাপ। এই উদ্যোগে সহযোগিতার জন্য ইন্ডিয়ান অয়েলকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার। পাশাপাশি, পুজোর জন্য পুলিশের বিশেষ ব্যবস্থাপনাও প্রকাশ করা হয়েছে। সিপি জানান, পুজোর ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। প্রতি বছরের মতো এবারও প্রায় ৬০০০ পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার ও ট্রাফিক কর্মী এবং আরও ৬০০০ হোমগার্ড মোতায়েনের কথা জানিয়েছেন তিনি।

শুধু পুজোমণ্ডপ নয়, শহরের বিভিন্ন শপিং মল ও বাজার এলাকাতেও ভিড়ের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ওই এলাকাগুলিতে যানজট নিয়ন্ত্রণে সিনিয়র ডিসি পদমর্যাদার আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পুলিশ কমিশনার।

## যানজট ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ নজর

পুজোর সময় কলকাতা পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার অন্যতম প্রধান লক্ষ্য পথচারী ও যানবাহনের চলাচলকে আলাদা করে নিয়ন্ত্রণ করা। সেই অনুযায়ী, প্রয়োজনীয় এলাকায় নো-পার্কিং ও নো-এন্ট্রির ব্যবস্থা থাকবে। ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে ব্যারিকেডও।

পুলিশ কমিশনারের কথায়, পুজোমণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ক্রাউড সার্কুলেশন প্ল্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর পথে যাতে কোনওভাবে বাধা তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। ভিড়ের স্বাভাবিক চলাচল ব্যাহত হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই সুষ্ঠু ভিড় নিয়ন্ত্রণের উপরেই জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

এদিকে, শহরের ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অ্যাম্বুল্যান্স মোতায়েন রাখার কথাও জানানো হয়েছে। পুজোর ভিড়ের মধ্যে কোনও জরুরি চিকিৎসার প্রয়োজন হলে যাতে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে একদিকে পুজোর ভিড় সামলাতে বাড়তি পুলিশি বন্দোবস্ত, ট্রাফিক গাইড ম্যাপ, ব্যারিকেডিং ও জরুরি চিকিৎসা পরিষেবার প্রস্তুতি। অন্যদিকে, পুজোর সময়ে রাজনৈতিক মিছিলের ক্ষেত্রে নিয়ম মেনে চলা এবং সাধারণ মানুষের অসুবিধা এড়ানোর বার্তা। সব মিলিয়ে দুর্গাপুজোয় কলকাতার যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতেই প্রস্তুতি জোরদার করছে কলকাতা পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।