Mamata Banerjee: ২০২৬-এর বিধানসভা ভোটের গণনায় কারচুপির অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেন্ডে তৃণমূলের হারের ইঙ্গিত মিলতেই তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নির্বাচন কমিশনের দেওয়া ভোটের ট্রেন্ড সামনে আসতেই তিনি দাবি করেন, অনেক জায়গায় গণনা থামিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেন।
মমতার বার্তা
প্রাথমিক ট্রেন্ডে দেখা যায়, ২৯৪ আসনের বিধানসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে। এরপরই একটি ভিডিও বার্তায় মমতা তাঁর দলের কাউন্টিং এজেন্টদের গণনা কেন্দ্র না ছাড়ার জন্য আবেদন করেন।
তিনি বলেন, "মন খারাপ করবেন না, সূর্যাস্তের পর আমরাই জিতব।" মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, "আমরা ১০০-র বেশি আসনে এগিয়ে আছি, কিন্তু সেটা দেখানো হচ্ছে না। সবকিছু ভুল রিপোর্ট করা হচ্ছে। নির্বাচন কমিশন পুরোপুরি নিজের ইচ্ছেমতো কাজ করছে, আর কেন্দ্রীয় বাহিনীও তাদের সঙ্গে আছে। পুলিশও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিলে কাজ করছে।" তিনি আরও অভিযোগ করেন যে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল হিসেবে অনেক জায়গায় গণনা থামিয়ে দেওয়া হয়েছে।
তৃণমূল কর্মীদের বার্তা
মমতার কথায়, "কাউন্টিং এজেন্ট এবং প্রার্থীরা যেন গণনা কেন্দ্র না ছাড়েন। এটাই বিজেপির পরিকল্পনা, আমি গতকাল থেকেই বলছি যে প্রথমে ওদেরকেই এগিয়ে দেখানো হবে। ওরা অনেক জায়গায় গণনা থামিয়ে দিয়েছে। কল্যাণীতে এমন মেশিন পাওয়া গেছে, যার কোনো মিল নেই; কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূলের উপর সবদিক থেকে অত্যাচার করা হচ্ছে।"
এগিয়ে বিজেপি , পিছিয়ে তৃণমূল
ট্রেন্ড অনুযায়ী, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হারের সম্ভাবনা তৈরি হয়েছে, যা মমতা বন্দ্যোপাধ্যায় টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পথে বড় বাধা। নির্বাচন কমিশনের ট্রেন্ড অনুসারে, বিজেপি ১৮৭টি আসনে এগিয়ে ছিল, আর মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৯২টি আসনে এগিয়ে ছিল।
এদিকে, বিজেপি আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা পেতেই কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বাড়ির বাইরে 'জয় শ্রী রাম' স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা।
পশ্চিমবঙ্গে এবার স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের রেকর্ড হয়েছে। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৯১.৬৬% ভোট পড়ে। প্রথম দফায় ভোটদানের হার ছিল ৯৩.১৯%, ফলে দুই দফা মিলিয়ে মোট ভোটের হার দাঁড়ায় ৯২.৪৭%।
প্রসঙ্গত, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বড় জয় পেয়েছিল। ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি আসন জিতেছিল তারা, ভোট শেয়ার ছিল প্রায় ৪৮ শতাংশ। অন্যদিকে, ভারতীয় জনতা পার্টি ৭৭টি আসন এবং প্রায় ৩৮ শতাংশ ভোট পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে, যা তাদের আগের পারফরম্যান্সের থেকে অনেক ভালো ছিল। বাম-কংগ্রেস জোট একটিও আসন জিততে পারেনি।


