- Home
- West Bengal
- Kolkata
- Mamata vs Ritabrata: TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু
Mamata vs Ritabrata: TMCP-র প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের মমতা-ঋতব্রত সংঘাত, মেয়ো রোড নিয়ে দড়ি টানাটানি শুরু
Mamata vs Ritabrata:২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ঘিরে ফের সংঘাতে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল। পুলিশের অনুমতি চেয়ে আবেদন, মেয়ো রোড নিয়েও বাড়ছে জল্পনা। বিস্তারিত জানুন।

ফের সংঘাতের আঁচ
শহিদ দিবসের ‘দড়ি টানাটানি’র রেশ কাটতে না কাটতেই নতুন করে মুখোমুখি ‘কালীঘাট’ তৃণমূল আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল। কে পাবে মেয়ো রেডের দখল? তাই নিয়ে তলে তলে শুরু হয়েছে দুই তৃণমূল কংগ্রেসের বিবাদ।

এবার বিতর্ক ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস নিয়ে
আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই কর্মসূচি পালন নিয়েই তৈরি হয়েছে নতুন সংঘাতের আবহ। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা তৃণমূলও ছাত্র পরিষদের জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করতে চায়। রাজ্যের যুবকরা কোন তৃণমূলের সঙ্গে রয়েছে তা দেখার এটাই একটা সুযোগ। আর সেটা হাত ছাড়়া করতে চায় না দুই পক্ষই।
পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত শিবির
কর্মসূচি পালনের জন্য কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সংগঠন। তবে নির্দিষ্ট কোনও এক জায়গার বদলে একাধিক বিকল্প জায়গার কথা বলা হয়েছে, যা এখনও প্রকাশ্যে আসেনি।
মেয়ো রোড ঘিরেই দ্বন্দ্ব
বিগত বছরগুলিতে মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে এই দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলে ভাঙনের পরেও এবার একই জায়গায় অনুষ্ঠান করতে চায় ‘কালীঘাট’ তৃণমূল। সূত্রের খবর, ঋতব্রত তৃণমূলও যেসব জায়গায় টিএমসিপির জন্মদিন বা প্রতিষ্ঠাতা দিবস পালন করতে চায় তার মধ্যে রয়েছে মেয়ো রোডও।
কালীঘাট শিবিরের হুঙ্কার
দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়ালেও মানুষ তাঁর পাশেই আসবে। যত অনুমতি বাতিল হবে, তত ভিড় বাড়বে বলে তাঁর মন্তব্য। ২১ জুলাই চার জায়গায় পৃথক করে শহিদ দিবসের অনুষ্ঠান করা হয়েছিল। সবথেকে বেশি ভিড় হয়েছিল মমতার সভায়। তাতেই রীতিমত অক্সিজেন পেয়েছে কালীঘাট তৃণমূল। তারপরই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চাইছে কালীঘাট তৃণমূল।
বিজেপির বিরুদ্ধে তোপ
বৈশ্বানরের অভিযোগ, বিজেপি ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার চালিয়েছে, তাই বাংলার ছাত্র-যুবরা মমতার কর্মসূচিতেই ভিড় জমাবে বলে দাবি তাঁর। তবে কালীঘাট বা ঋতব্রত - দুই তৃণমূলকে এখনও স্থান চূড়ান্ত করেনি পুলিশ।
জেলায় জেলায় বৈঠক ঋতব্রত শিবিরের
কর্মসূচি সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছে ঋতব্রত শিবির। জেলা নেতৃত্ব কলকাতায় এসে আলাদা করে আলোচনাও করছেন বলে খবর।
উত্তরবঙ্গে বিশেষ নজর
ভিড় টানতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গকে। সংগঠনের সভাপতি সুদীপ রাহা নিজে দায়িত্ব নিয়ে গোটা প্রস্তুতি তদারকি করছেন বলে জানা গিয়েছে।

