Naushad Siddiqui News: কমিশনের নির্দেশে তৃণমূলের জোড়াফুল হাতছাড়া হতেই নতুন প্রতীক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কমিশনের দেওয়া 'খাম' প্রতীক নিয়ে এখন মমতার তৃণমূল বনাম আইএসএফ দলের তরজা তুঙ্গে। ঠিক কী হয়েছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
Naushad Siddiqui News: 'খাম' ফিরে পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। আসন্ন দুই বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত শিবির 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' নামে 'খাম' প্রতীকে লড়াই করবে। নির্বাচন কমিশন অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানিয়েছে।
নওশাদ বনাম মমতা! খাম প্রতীকে বিতর্ক:-
তারপরই এই 'খাম' প্রতীক নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে 'খাম' প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দিত করার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। উপনির্বাচনে 'খামের' বদলে 'আলমারি' প্রতীকে উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে আইএসএফ।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এই 'খাম' প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছে আইএসএফ। দুই উপনির্বাচনেও প্রার্থী দিয়েছে আইএসএফ। অথচ তাদের সেই 'খাম' প্রতীক অন্য একটি দলকে দেওয়া নিয়ে চরম আপত্তি নৌশাদের আইএসএফ-এর।
নন্দীগ্রামে নতুন একটি দল রাতারাতি কীভাবে ‘স্বীকৃত দল’ হয়ে গেল এবং ‘খাম’ প্রতীক পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌশাদ। এই নিয়ে সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলা দায়ের করছেন নৌশাদ সিদ্দিকী। এবং দ্রুত শুনানির আবেদন জানাবেন তিনি।
প্রসঙ্গত, নিজের হাতে গড়া দল। আঁকা প্রতীক। নির্বাচন কমিশনের নির্দেশে কোনও কিছুরই আর অস্তিত্ব রইল না প্রাক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের 'প্রতীক' দ্বন্ধে দলের নাম ও প্রতীক চূড়ান্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে। ‘খাম’ প্রতীকে লড়বেন ঋতব্রতের প্রার্থীরা। আর এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''অতি দম্ভে চূর্ণ অহংকার।''
জোড়াফুল প্রতীক হাতছাড়া হতেই তৃণমূলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, ''নির্বাচন কমিশনের নিয়ম মেনে সবপক্ষের কথা শুনে উনি নিজের দলকে একজোট রাখতে পারেননি। দুই-তিন-চার ভাগ হয়েছে। এর দায়িত্ব ওনার। এটার সঙ্গে আমাদের বিজেপির কোনও যোগ নেই।'' তিনি আরও বলেন যে, ''ভোটের রেজাল্টের দিন হলদিয়া থেকে বলেছিলাম আর যেই থাকুক তৃণমূল থাকবে না।''


