Rakesh Singh BJP Candidate Kolkata Port: কদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। তখনই জল্পনা ছিল। সেটাতেই সিলমোহর পড়ল। কলকাতা বন্দর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে রাকেশ সিং-য়ের নাম ঘোষণা করল বিজেপি।

Rakesh Singh BJP Candidate Kolkata Port: কদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিনে ছাড়া পেয়েছিলেন। তখনই জল্পনা ছিল। সেটাতেই সিলমোহর পড়ল। কলকাতা বন্দর বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হিসেবে রাকেশ সিং-য়ের নাম ঘোষণা করল বিজেপি। তৃণমূলের মন্ত্রী-বিদায়ী বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে রাকেশকে প্রার্থী করল গেরুয়া শিবির। কাঁটা দিয়ে কাঁটা তোলার পথে বিজেপি। বুধবার বিজেপি তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে, আর সেই তালিকাতেই জায়গা পেয়েছেন সম্প্রতি জেলমুক্ত হওয়া এক নেতা রাকেশ। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর আর দেরি করেননি রাকেশ।

প্রার্থী হয়েই প্রচারে রাকেশ

বুধবার সকাল থেকেই রাকেশ মাঠে নেমে পড়েছেন এবং বিভিন্ন ওয়ার্ডে গৃহসংযোগ কর্মসূচি শুরু করেছেন, স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। তিনবারের দাপুটে বিধায়ক-মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে জিততে মরিয়া রাকেশ। গত বিধানসভা নির্বাচনের আগেও কলকাতা বন্দর কেন্দ্র থেকে রাকেশ সিংকে প্রার্থী করা হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি। নির্বাচনের আগে তিনি পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় প্রার্থী হওয়ার সুযোগ পাননি।

গতবার বন্দরে কী ফল হয়েছিল

গতবার, ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফিরহাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছিল অবোধ কিশোর গুপ্তা-কে। ফিরহাদ প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে জিতেছিলেন। সেখানে বিজেপ প্রার্থী অবোধ গুপ্তা পান মাত্র ২৪ শতাংশ ভোট। সংখ্য়ালঘু অধ্য়ুষিত কলকাতার এই আসনে বিজেপি কাছে চমকপ্রদ কিছু করতে হলে রাকেশের ব্যক্তিগত ক্যারিশ্মার দিকে তাকিয়ে থাকতে হবে।

কী কারণে গ্রেফতার হন রাকেশ

কলকাতার মৌলালিতে কংগ্রেস দপ্তরে ভাঙচুর ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। বিহারে রাহুল গান্ধীর একটি মিছিল ঘিরে কিছু আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদের জেরে কলকাতায় কংগ্রেস কার্যালয়ে এই হামলা চালানো হয়। ঘটনার পর থেকেই রাকেশ সিং কার্যত নিখোঁজ ছিলেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্র ধরেই গত বছরের সেপ্টেম্বর মাসে কলকাতার ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেফতার করা হয়। গত ৬ এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ-র বেঞ্চ ওই বিজেপি নেতার জামিন মঞ্জুর করে। এরপর মঙ্গলবার রাকেশ জেল থেকে মুক্তি পান।