RG Kar Case Reopen: আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ খুনকাণ্ডের ফাইল পুনরায় খুলতে ভয়ে কাঁটা প্রাক্তন তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠ নিহত চিকিৎসক তরুণীর প্রতিবেশী। ছুটলেন আদালতে। কী দাবি তার? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

RG Kar Case Reopen: নতুন করে আরজি কর-এর তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার ফাইল খুলতেই রক্ষাকবচের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ এবং নির্যাতিতার প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়‌। নিজেকে নির্দোষ দাবি করে বিচারপতি সৌগত ভট্টাচার্য্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি চান তিনি। আদালত তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আদালতে রক্ষাকবচের দাবি:- 

সম্প্রতি শিয়ালদহ আদালতে আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে নতুন করে একটি অভিযোগ দায়ের করা হয়। সেখানে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাঁর ঘনিষ্ঠ সঞ্জীব মুখোপাধ্যায় এবং পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে'র বিরুদ্ধে ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়। নির্যাতিতার পরিবারের দাবি ঘটনার দিন রাত্রে, তাদের কিছু না জানিয়ে তড়িঘড়ি আরজি কর হাসপাতাল থেকে দেহ বের করে নিয়ে গিয়ে দাহ করে দেওয়া হয়। এটা সুপরিকল্পিতভাবেই প্রমাণ লোপাটের চেষ্টা ও চক্রান্ত। তাই এই তিন প্রভাবশালী ব্যক্তির গ্রেফতারিও দাবি করেছেন নির্যাতিতার পরিবার। ঘটনাচক্রে বর্তমানে পানিহাটির বিধায়ক নির্যাতিতার মা নিজেই।

সেই মামলার প্রেক্ষিতেই রক্ষাকবচ চেয়ে গ্রেফতার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জীব মুখোপাধ্যায়। তাঁর আইনজীবীর অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সঞ্জীব মুখোপাধ্যায়কে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। তাই তিনি আদালতের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

প্রসঙ্গত, আরজি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই-কে অবিলম্বে সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের।আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের চেম্বার-স ঘটনার সঙ্গে হাসপাতালের যে যে জায়গার যোগসূত্র রয়েছে,সেই সব জায়গাই সিল করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতিরা সিবিআই-এর উদ্দেশ্যে প্রশ্ন করেন- সেমিনার হল ছাড়া আর অন্য কোন কোন জায়গা সিল করা হয়েছে? তার উত্তরে সিবিআই জানায়, শুধুমাত্র সেমিনার হল সিল করা আছে। অন্য কোনও জায়গা সিল করার প্রয়োজন নেই। এরপরই বিচারপতিরা জানান, সম্পূর্ণ ঘটনাস্থল অবিলম্বে সিল করতে হবে। আগামী বৃহস্পতিবার দুপুর দুটোয় আবারও এই মামলার শুনানি হবে। নির্যাতিতার পরিবার যে মামলা দায়ের করেছেন, আগে সেই মামলার শুনানি হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।