Sujit Bose Arrest News: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু গ্রেফতার। মঙ্গলবারই তাকে আদালতে পেশ করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Sujit Bose Arrest News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসুকে আদালতে পেশ , শুরু হতে চলেছে শুনানি। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নাটকীয় মোড়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার রাতেই তাঁর মেডিক্যাল টেস্ট সম্পন্ন করার পর, আজ মঙ্গলবার তাঁকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মামলার শুনানি। মঙ্গলবার সকালেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে সুজিত বসুকে আদালতে নিয়ে আসা হয়। ইডি সূত্রে খবর তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য জোরদার সওয়াল করবেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে আদালতে পেশ:-

ইডি সূত্রের দাবি দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন অন্তত ১৫০ জনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। অভিযোগ এই নিয়োগের বিনিময়ে মোটা টাকার লেনদেনের পাশাপাশি কোথাও কোথাও জমির বিনিময়েও চাকরি দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে অয়ন শীলের সল্টলেকের অফিস থেকে উদ্ধার হওয়া চিরকুট ও নথির সূত্র ধরেই পুর নিয়োগ দুর্নীতির হদিশ পায় ইডি।

সেখানে সুজিত বসুর সরাসরি যোগসাজশ পাওয়া গেছে বলে কেন্দ্রীয় এজেন্সির দাবি।সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন সুজিত বসু। দীর্ঘ জেরায় তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মেলায় এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরেই তিনি কিছুটা অসুস্থ বোধ করেন এবং শ্বাসকষ্টের সমস্যার কথা জানান। এই বিষয়ে আজ সুজিতের আইনজীবী আদালতে জানাবেন বলেই খবর ।

উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করার কথা জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। 

সকাল সাড়ে ১০টায় হাজিরা দেওয়ার পর প্রায় সাড়ে ১০ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। এরপর রাতে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করার কথা জানানো হল। এর আগে ১ মে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। তখনই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়। আদালত থেকে রক্ষাকবচ পাননি তিনি। ফলে সোমবার হাজিরা দিতেই হয়। এদিন আইনজীবীকে নিয়ে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। কিন্তু তাতে কোনও লাভ হল না। তিনি গ্রেফতারি এড়াতে পারলেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।