Suvendu on Mamata Banerjee: বঙ্গে বিজেপি জয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জিতেই মমতার জন্য ভবিষ্যদ্বাণী বিজেপি প্রার্থীর। কী বললেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Suvendu on Mamata Banerjee: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতা লাভ করেছে বিজেপি। সরকার গ্রহণ ও নতুন মন্ত্রিসভার শপথ নেওয়া খালি সময়ের অপেক্ষা। নিজের ঘর ভবানীপুরেও হেরে গিয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজারেরও বেশি ভোটে তাকে হারিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার রাত ৯টার পর ১৮ রাউন্ড কাউন্ট শেষ হতেই কমিশনের দেওয়া জয়ের শংসাপত্র নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে বেরোন শুভেন্দু অধিকারী। সেই সময় কর্মীদের উল্লাস-উন্মাদনা ছিলো চোখে পড়ার মতো। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের পরাজিত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যুতে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তিনি।
কী বললেন শুভেন্দু অধিকারী?
জয়ের শংসাপত্র হাতে নিয়ে তিনি বলেন, ''আমাকে জিতিয়েছেন ভবানীপুরের হিন্দু, জৈন, শিখ সমাজ। আমি তাঁদের প্রণাম জানাই। এ জয় হিন্দুত্বের জয়, বাংলার জয়, মোদীজির জয়।'' ভবানীপুরে নিজের জয় শুভেন্দু উৎসর্গ করলেন, ''পশ্চিমবঙ্গে হিন্দুত্বের জন্য প্রাণ উৎসর্গ করা ৩০০ বিজেপি কর্মীর প্রতি''। একই সঙ্গে তিনি আরও জানান যে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাতেই তার ফোনে কথা হয়েছে। ধন্যবাদ জানান রাজস্থান থেকে বাংলায় তার হয়ে কাজ করতে আসা বিজেপি বিধায়কদের। শুভেন্দু জানান যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই জয়ের জন্য তিনি বাংলার মানুষের কাছে কৃতজ্ঞ। ভবানীপুরের মানুষের কাছে কৃতজ্ঞ।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার শুভেন্দু অধিকারী বাংলার দুই কেন্দ্র নন্দীগ্রাম ও দক্ষিণ কলকাতার ভবানীপুর থেকে ভোটে লড়েন। আগেই তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ করেছিলেন। অবশেষে শুভেন্দুর সেই স্বপ্নই সত্যি হলো। শীতের আগেই বাংলায় ঝরল ঘাসফুল। ১৫ হাজারেরও বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে মমতার ভোটের ব্যবধান ১৫১০৫ ভোট। জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুভেন্দুর ঝুলিতে ভবানীপুর থেকে ভোট গিয়েছে- ৭৩৯১৭টি ভোট। মমতা পেয়েছেন ৫৮১১২টি ভোট।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


