কলকাতা পুরসভা (KMC) নির্বাচনের বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলে শুক্রবার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা পুরসভা (KMC) নির্বাচনের বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে বলে শুক্রবার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এএনআই-কে তিনি বলেন, "আমরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমি ১৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এরপর ২০৯টি ওয়ার্ডের জন্যই কো-অর্ডিনেটর নিয়োগ করব।" যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তাদের কটাক্ষ করে তিনি বলেন, “যাঁরা নির্বাচনে হারতে চলেছেন তাঁরাই আদালতে যান, আর যাঁরা জিতবেন তাঁরা ভোটের প্রস্তুতিতে মন দেন।”"আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি। আমরাই জিততে চলেছি," যোগ করেন তিনি।

KMC নির্বাচনে স্থগিতাদেশ হাইকোর্টের

শুক্রবার কলকাতা হাইকোর্ট একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করে। বিচারাধীন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনকে কলকাতা পুরভোট সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে নিষেধ করা হয়েছে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মাঝেই এই স্থগিতাদেশ দিল আদালত।

নির্দেশ অনুযায়ী, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি দিতে পারবে না নির্বাচন কমিশন। ওয়ার্ড পুনর্বিন্যাসে অনিয়মের অভিযোগ তুলে সংশোধনের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিয়েছিল পশ্চিমবঙ্গ কংগ্রেস। তারপরেই এই পদক্ষেপ।

কলকাতা পুরসভার আসন বিন্যাস

কলকাতা পুরসভায় ওয়ার্ড সংখ্যা বাড়ানোর রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আগেই একটি মামলা দায়ের হয়েছিল। আসন্ন নির্বাচনের আগে ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। এর ভিত্তিতেই কলকাতা হাইকোর্ট জানিয়েছে, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের ডাক দিতে পারবে না।