- Home
- West Bengal
- Krishak Bandhu:কৃষক বন্ধুতে ফের ফর্ম জমার সুযোগ ১০ দিন! ব্যাঙ্ক, আধার, জমির কোন কোন নথি লাগবে?
Krishak Bandhu:কৃষক বন্ধুতে ফের ফর্ম জমার সুযোগ ১০ দিন! ব্যাঙ্ক, আধার, জমির কোন কোন নথি লাগবে?
krishak bandhu scheme: কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে এবার নথি যাচাই বাধ্যতামূলক। ১০ দিনের মধ্যে কোন ফর্ম, কোন কোন নথি জমা দিতে হবে? PM KISAN উপভোক্তারা বছরে বাড়তি ৩ হাজার টাকা কীভাবে পাবেন? জানুন বিস্তারিত।

কৃষক বন্ধু প্রকল্পে নথি যাচাই এখন বাধ্যতামূলক
রাজ্যের কৃষক পরিবারগুলিকে আর্থিক সহায়তা দিতে একাধিক প্রকল্প চালু রয়েছে। তার মধ্যে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধা পেতে এবার উপভোক্তাদের তথ্য ও নথি ফের যাচাই করা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। এ নিয়ে রাজ্যের কৃষি দফতর একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

PM KISAN উপভোক্তাদের জন্য বছরে অতিরিক্ত ৩ হাজার টাকা
যোগ্য PM KISAN উপভোক্তাদের ক্ষেত্রে কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি রাজ্য সরকার বছরে অতিরিক্ত ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণেই কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের রেকর্ড PM KISAN ডেটাবেসের সঙ্গে মেলানো হচ্ছে। কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হচ্ছে কে PM KISAN-এর আওতায় আছেন।
কেন হচ্ছে এই যাচাই?
বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর কৃষি দফতর কৃষক বন্ধুর সব বিদ্যমান উপভোক্তার ভেরিফিকেশনের সিদ্ধান্ত নেয়। সরকারের বক্তব্য, আর্থিক সহায়তা যাতে শুধু যোগ্য কৃষকদের কাছেই পৌঁছয়। পূর্বতন সরকারের আমলে অনেক অযোগ্য উপভোক্তাও সুবিধা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। যাচাইয়ের মাধ্যমে যেসব যোগ্য কৃষক এখনও PM KISAN-এর আওতায় আসেননি, তাঁদেরও চিহ্নিত করা হবে।
যাঁরা এখনও ফর্ম জমা দিতে পারেননি, তাঁদের জন্য ফের সুযোগ
কৃষি দফতর জানিয়েছে, যে পুরনো উপভোক্তারা এখনও নির্ধারিত ফর্ম জমা দিতে পারেননি, তাঁরাও আবার সুযোগ পাবেন। কোনও প্রকৃত ও যোগ্য কৃষক যাতে যাচাই প্রক্রিয়ার বাইরে না থেকে যান, সেই কারণেই সময়সীমা আগস্ট মাসের পরেও বাড়ানো হয়েছে। যাঁরা ইতিমধ্যে ফর্ম জমা দিয়েছেন, তাঁদের তথ্য যাচাই শুরু হয়ে গিয়েছে।
ফর্ম জমা দেওয়ার সময়সীমা
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রকাশের তারিখ থেকে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ ফর্ম ও প্রয়োজনীয় নথি নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিকের অফিসে জমা দিতে হবে। জমা পড়ার পর তথ্য ও নথি যাচাই করে যোগ্য উপভোক্তাদের সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তিটি রাজ্য কৃষি দফতরের ওয়েবসাইটেও রয়েছে।
ফর্মের সঙ্গে কোন কোন নথি লাগবে?
শুধু ফর্ম পূরণ করলেই হবে না, সঙ্গে দিতে হবে:
উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আধার নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর, প্রযোজ্য ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর আধার ও মোবাইল সংক্রান্ত তথ্য, এবং জমির পরিমাণ ও জমি সংক্রান্ত নথি বা পরচার কপি। প্রয়োজনে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আরও কিছু তথ্য ও নথিও চাওয়া হতে পারে।
এসএমএসের মাধ্যমেও জমা দেওয়ার সুযোগ
যাঁদের মোবাইল নম্বর কৃষক বন্ধু ডেটাবেসে সঠিকভাবে নথিভুক্ত রয়েছে, তাঁরা ওই নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফর্ম পূরণ করে তথ্য ও নথি জমা দিতে পারবেন। ব্লক ও স্থানীয় স্তরে ইতিমধ্যে প্রচার চলছে, সঙ্গে ডেটাবেসে থাকা নম্বরে এসএমএসও পাঠানো হচ্ছে। প্রয়োজনে স্থানীয়ভাবে কৃষকদের কাছে পৌঁছে তথ্য যাচাইও করা হচ্ছে।
কৃষক বন্ধুতে কত টাকা মেলে, আর কী বাড়তি সুবিধা?
এক একর বা তার বেশি জমি থাকলে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সহায়তা মেলে, সাধারণত দু’টি কিস্তিতে। এক একরের কম জমি থাকলেও প্রকল্পের আওতায় আসা যায়, সেক্ষেত্রে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয়। এছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সি নথিভুক্ত কৃষকের মৃত্যু হলে তাঁর পরিবার এককালীন ২ লক্ষ টাকা পায়। অনলাইনে পোর্টালের মাধ্যমে অথবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও কৃষি দফতরের অফিসে আবেদন করা যায়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

