Malda Shootout News: প্রতিবেশীদের মধ্যে বচসার মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কোথায় ঘটেছে এই ঘটনা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Malda Shootout News: হোলির রাতে রোমহর্ষক ঘটনা ঘটল মালদার মানিকচক থানার মথুরাপুর কাহারপাড়ায়। সামান্য বচসাকে কেন্দ্র করে চলল গুলির লড়াই। গুলিতে জখম এক নাবালক সহ চারজন। পালটা উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হল গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত কিশোরের বাবার। 

ভোটের আগে হোলির রাতে মালদহে ফের শ্যুটআউটের ঘটনা:

বুধবার রাত ৯টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মালদহের মথুরাপুর কাহার পাড়ায়। জানা গিয়েছে, এদিন ওই এলাকার অল্পবয়সি ছেলেদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসার জেরে সমীর গুপ্ত নামে এক রেশন ডিলারের ১৭ বছরের ছেলে গুলি চালায় বলে অভিযোগ। 

ওই বন্দুকটি তার বাবার। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালানো হয় বলেই অভিযোগ। সেই গুলিতে ১০ বছরের এক নাবালক সহ মোট চারজন গ্রামবাসী জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী কারণে শ্যুটআউটের ঘটনা ঘটল?

এদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেই খবর। সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলেও অভিযোগ। যার জেরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সমীর গুপ্তর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দোল উৎসবকে কেন্দ্র করে একটি বাড়িতে হামলার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। সেই সময় বাড়ির কর্তার ছেলে সৌময় দাস গুপ্ত (নাবালক), যিনি চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী, প্রতিবেশীদের আটকাতে গুলি চালায় বলে অভিযোগ।

গুলির ঘটনায় সিপিআইএম নেতা সমীর দাস গুপ্ত-সহ মোট ছয়জন গুলিবিদ্ধ হন। গুলির শব্দে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।