Kolkata News: মধ্য কলকাতার অন্যতম জনবহুল ও ব্যস্ত অঞ্চল এন্টালি (Entally)। সারাদিন তো বটেই, এমনকী রাতেও এই অঞ্চলে যানবাহন চলাচল, ভিড় দেখা যায়। কিন্তু এই অঞ্চলেই অ্যাপ ক্যাব থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। প্রকৃত ঘটনা জানার চেষ্টা শুরু হয়েছে।

DID YOU
KNOW
?
খাস কলকাতায় খুন!
অ্যাপ ক্যাব চালককে অন্য কোথাও খুন করে এন্টালিতে দেহ ফেলে রেখে যাওয়া হতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

Kolkata Police: মধ্য কলকাতার জনবহুল অঞ্চল এন্টালিতে (Entally) একটি বিলাসবহুল ট্যাক্সির ভিতর থেকে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে এন্টালি থানার পুলিশ খবর পায়, ডি সি দে রোডের ২৫ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি বিলাসবহুল ট্যাক্সির ভিতরে এক ব্যক্তি অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, গাড়িটি ভিতর থেকে লক করা ছিল। স্থানীয় এক মেকানিকের সহায়তায় ভিডিওগ্রাফির মাধ্যমে গাড়ির লক ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। পুলিশ জানায়, গাড়ির পিছনের সিটের সামনের অংশে প্রায় ৪৫-৫০ বছর বয়সি এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

খুন করে দেহ ফেলে রাখা হয়েছে?

এন্টালি থানার পুলিশ জানিয়েছে, দেহ পরীক্ষা করে দেখা যায়, ওই ব্যক্তির শরীরে কোনও স্পন্দন নেই। এছাড়াও তাঁর দুই পা দড়ি দিয়ে বাঁধা ছিল। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার তদন্তে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড স্কোয়াড, সায়েন্টিফিক উইং এবং অন্যান্য তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মৃত ব্যক্তি অ্যাপ ক্যাবের চালক

পুলিশ জানিয়েছে, যে ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে, তিনিই ওই ক্যাবের চালক ছিলেন। তাঁর নাম ভগবানপ্রসাদ গুপ্তা। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। কারণ, মুখে রক্তের দাগ আছে। অন্য কোথাও খুন করে দেহ ক্যাবের মধ্যেই রেখে পালিয়ে যেতে পারে আততায়ী। ওই অঞ্চলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মৃত ব্যক্তির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।