Crime News: বাড়ির সামনে বল খেলা নিয়ে আপত্তি। রাগের বশে বাচ্চাদের গুলি করলেন খোদ স্কুল শিক্ষক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকার রঘুনাথগঞ্জে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

Crime News: বাড়ির বাইরে খেলতে থাকা একদল শিশুর উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার এক প্রাথমিক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে বানিপুর এলাকায়, রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম সমীর কুমার মন্ডল। তিনি ওমরপুর প্রাথমিক বিদ্যালয়-এর শিক্ষক। অভিযোগ, প্রতিদিনের মতো তার বাড়ির সামনে কয়েকজন ছোট শিশু খেলাধুলা করছিল। খেলতে গিয়ে মাঝেমধ্যে তাদের বল শিক্ষকের বাড়ির ভেতরে পড়ে যেত। এই কারণেই নাকি শিক্ষক আগেই ওই মাঠে খেলতে মানা করেছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ঠিক কী ঘটনা ঘটেছে?

স্থানীয়দের দাবি, নিষেধাজ্ঞা সত্ত্বেও শিশুরা ওই মাঠেই খেলতে থাকলে ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশ্যে গুলি চালান সমীরবাবু। ঘটনায় এক শিশুর হাতে গুলি লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। আহত শিশুর বাবা বিশ্বজিৎ সাহা জানান, “প্রতিদিনের মতো আজও ১০-১২ জন বাচ্চা বানিপুরের একটি ফাঁকা মাঠে খেলছিল। খেলতে খেলতে বল সমীর কুমার মন্ডলের বাড়ির দরজায় লাগে। তখন তিনি পাখি মারা বন্দুক দিয়ে শিশুদের উদ্দেশ্যে চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালান। বাচ্চারা ছুটে পালানোর চেষ্টা করলে আমার ছেলের হাতে গুলি লাগে।”

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে আটক করা হয় এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কী ধরনের, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটি একটি অত্যাধুনিক এয়ারগান হতে পারে। ধৃত শিক্ষকের দাবি, “ভয় দেখানোর উদ্দেশ্যেই গুলি চালিয়েছিলাম। কারও গায়ে লেগে যাবে বুঝতে পারিনি।” ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, ৩১ নং জাতীয় সড়কের মাগুরা এলাকায় শনিবার সকাল সাতটা নাগাদ ঘটে গেল ভয়াবহ পথদুর্ঘটনা। গাজোল থেকে সামসীমুখী একটি যাত্রীবাহী বাস মাগুরায় দাঁড়িয়ে যাত্রী তুলছিল। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি দ্রুতগতির লরি বাসটিকে সজোরে ধাক্কা মারে। প্রবল আঘাতে বাসটির একাংশ রাস্তার পাশের নয়ানজুলিতে হেলে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

বাসের পিছনের দিকে বসা কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুখুরিয়া থানার পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।