TMC Vs CRPF: নন্দীগ্রামে বিনা কারণে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ছবি দিয়ে সিআরপিএফ-এর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানিয়েছে। 

রাত পোহালেই প্রথম দফায় ভোট গ্রহণ রাজ্যে। প্রথম দফাতেই হবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাগ্য পরীক্ষা। প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের পবিত্র কর। প্রথম দফার ভোটে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে অন্যতম হল নন্দীগ্রাম। এবার সেই নন্দীগ্রাম কেন্দ্র নিয়েই সরব হল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির বিরুদ্ধে নয়, এবার সিআরপিএফ-এর বিরুদ্ধেই নির্বাচন কমিশনে নালিশ ঠুকলো ঘাসফুল শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নন্দীগ্রামে বিনা কারণে গ্রামবাসীদের ভয় দেখানো হচ্ছে। এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ছবি দিয়ে সিআরপিএফ-এর বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ জানিয়েছে। চিঠিতে তৃণমূলের দাবি বিজেপির কথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে পদ্মশিবির। অবিলম্বে এটি বন্ধ করা জরুরি।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় বেশ কিছু গন্ডোগোলের ঘটনা ঘটে। বিশেষ করে নন্দীগ্রামে কাঞ্চনপুরে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। খোকন সাঁতরা নামে এক ব্যক্তি জানিয়েছেন, 'কর্মসূত্রে আমি হাওড়ায় থাকি। ভোট দিতে বাড়ি এসেছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমাকে মেরেছে।' স্থানীয়দের কথায় এই ঘটনায় চার জন আহত হয়েছে । তাদের চিকিৎসা হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

তৃণমূলের নালিশ

নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে গোটা বিষয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। চিঠিতে তৃণমূল লিখেছে, ২১০ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের ওপর মাত্রাতিরিক্ত অপরাধমূলক বলপ্রোয়গ ও ভীতিপ্রদর্শন ও মারধর করার অভিযোগ উঠেছে সিআরপিএফ-এর বিরুদ্ধে। তৃণমূলের আরও অভিযোগ, বিনা প্ররোচনায় মানুষকে আঘাত করছে কেন্দ্রীয় বাহিনী। প্রমাণ হিসেবে ছবিও দিয়েছে শাসকদল। তৃণমূলের অভিযোগ বিজেপি কেন্দ্রীয়বাহিনীকে তাদের স্বার্থে ব্যবহার করছে এটা স্পষ্ট।