Rajnath Singh Warns Pakistan: কলকাতায় হামলার হুমকি দেওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে কড়া জবাব দিলেন রাজনাথ সিং। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের দিকে নজর দিলে পাকিস্তান এবার কত টুকরো হবে, তা ঈশ্বরই জানেন। 

মঙ্গলবার ব্যারাকপুরে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে কড়া ভাষায় জবাব দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কলকাতার ওপর হামলার হুমকি নিয়ে আসিফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। রাজনাথ বলেন, পাকিস্তানের এমন উস্কানিমূলক মন্তব্য করা উচিত নয়, কারণ এর ফল কী হয়েছিল তা তারা আগেও দেখেছে। সংবাদ সংস্থা এএনআই-কে রাজনাথ সিং বলেন, "পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এমন উস্কানিমূলক মন্তব্য করা ঠিক হয়নি। ৫৫ বছর আগে এর ফল ওরা হাড়ে হাড়ে টের পেয়েছিল, যখন পাকিস্তান দু'ভাগে ভাগ হয়ে যায়। এবার যদি ওরা পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান যে কত টুকরো হবে, তা একমাত্র ঈশ্বরই জানেন।"

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পাকিস্তানের হুমকি নিয়ে উত্তপ্ত রাজনীতি

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়েছিলেন বলে খবর। তিনি নাকি বলেন, ভারত ভবিষ্যতে কোনও 'দুঃসাহস' দেখালে তার জবাবে ইসলামাবাদ কলকাতাকে নিশানা করবে। এই ঘটনা নিয়ে কেন্দ্র সরকারকে একহাত নিয়েছে তৃণমূলও।

সোমবার দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁর অভিযোগ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কলকাতাকে নিশানা করার হুমকির নিন্দা করার 'সাহস' দেখাতে পারেননি তাঁরা। এক জনসভায় অভিষেক বলেন, "নিজেদের '৫৬-ইঞ্চি' প্রধানমন্ত্রী আর তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের প্রচারে এতটাই ব্যস্ত যে বাংলার ওপর সরাসরি বিদেশি আগ্রাসনের হুমকির জবাব দেওয়ার সময়টুকুও তাঁদের নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোলাখুলি কলকাতাকে আক্রমণের হুমকি দিয়েছেন, অথচ নরেন্দ্র মোদী বা অমিত শাহ কেউই ভারতের একটি রাজ্য এবং সার্বভৌমত্বের ওপর এই মারাত্মক আক্রমণের নিন্দা করার সাহস দেখাতে পারলেন না।" তিনি আরও যোগ করেন, "হয় বাংলার মানুষের জীবনের দাম এদের কাছে নেই, অথবা এরা এতটাই কাপুরুষ যে কোনও পদক্ষেপ নিতে ভয় পায়। যদি এক ফোঁটাও সাহস থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ এবং ভারতীয় সেনাকে পাক-অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের জন্য ছাড় দিক। নরেন্দ্র মোদী কি সেই সাহস দেখাবেন? অমিত শাহ দেখাবেন? রাজনাথ সিং দেখাবেন?"