TMC campaigning: ভোট প্রচারে ঠিক কতটা টাকা খরচ করে তৃণমূল কংগ্রেস? কে বা নির্বাচনী খরচ বহন করে? রাজ্য সরকার না তৃণমূল কংগ্রেস? রইল সব প্রশ্নের উত্তর। 

বিধানসভার ভোট প্রচারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সর্বত্রই সফর করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে ভোট করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও। কিন্তু ভোট প্রচারে ঠিক কতটা টাকা খরচ করে তৃণমূল কংগ্রেস? কে বা নির্বাচনী খরচ বহন করে? রাজ্য সরকার না তৃণমূল কংগ্রেস?

নির্বাচন কমিশনের নিয়ম

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোটে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলিতে নির্বাচনের খরচ জমা করতে হয়। বিধানসভা বা লোকসভা ভোটের পরপরই এই খরচের হিসেব নির্বাচন কমিশনে দাখিল করতে হয়। সেই অনুযায়ী বিধানসভা বা লোকসভা নির্বাচনের পরই সবকটি রাজনৈতিক দল নির্বাচনী খরচের হিসেব দাখিল করে। সেই অনুযায়ী নির্বাচনী প্রচারের খরচ বহন করার কথা রাজনৈতিক দলগুলির।

তৃণমূলের নির্বাচনী প্রচার খরচ

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে নির্বাচনী খরচের হিসেব দাখিল করা হয়। সেই অনুযায়ী জানা গিয়েছে ঘাসফুল শিবিরের সেই সময়ের নির্বাচনী খরচ ছিল ১৫৪.২৮ কোটি টাকা। তবে এবারের খরচ জানা যাবে বিধানসভা নির্বাচনের পর।

কোন খাতে কত টাকা খরচ?

২০২১ সালের তথ্য অনুযায়ী-

  • শুধুমাত্র প্রচার অভিযানের জন্যই ২৭ কোটি টাকা খরচ হয়েছিল
  • স্টার ক্যাম্পেইনারদের যাতাযাতের খরচ ছিল ৩৩.০২ কোটি টাকা
  • বিজ্ঞাপণের জন্য খরচ হয়েছিল ১১.৯৩ কোটি টাকা।
  • প্রার্থীদের জন্য ব্যায় হয়েছিল ৭৪.৬১ কোটি টাকা।
  • নির্বাচন কমিশনে দেওয়া হিসেব অনুযায়ী ২০২১ -২২ আর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের আয়ের মূল উৎস ছিল ইলেক্টোরাল বন্ড। এই বন্ড থেকেই তৃণমূলের হাতে এসেছিল ৯৬% টাকা।

এবার নির্বাচনী খরচ-

২০২৬ সালের তৃণমূল কংগ্রেস নির্বাচনের জন্য জোরদার প্রচার করছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় উত্তর থেকে ঝড়ের গতিতে নির্বাচনী প্রচার করছেন। একাধিক জনসভা একদিনে করার জন্য কোথাও কোথাও হেলিকপ্টারে করেও যাচ্ছেন। আর সেই ক্ষেত্রে এবার নির্বাচনী খরচ আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

খরচ হয় কোন কোন খাতে?

সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত তৃণমূল কংগ্রেসের তারকা প্রচারকদের জন্য মঞ্চ পরিকাঠামোতে প্রচুর টাকা খরচ হয়। দলের কর্মী ও সমর্থকদের সভাস্থলে নিয়ে আসার জন্যই বাস,ট্রেন বা অন্যান্য যানবাহন ভাড়া করতে হয়। তাতেও একটি বড় অঙ্কের টাকা খরচ হয়। পাশাপাশি প্রচার ও বিজ্ঞাপনের জন্যও প্রচুর টাকা খরচ হয়। ডিজিটাল প্রচারেও তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ টাকা খরচ করে।