Mamata Banerjee: ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার, ধর্না তুলে নেন মমতা। তবে সেই ধর্নামঞ্চ থেকেই দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।
Mamata Banerjee: ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তাৎপর্যপূর্ণ বার্তা তৃণমূল নেত্রীর। বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই মন্তব্য রীতিমতো আলাদা বার্তা বহন করছে (TMC Dharmatala Meeting)।
কী বললেন মমতা?
প্রসঙ্গত, ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার, ধর্না তুলে নেন মমতা। কিন্তু রাজ্য-রাজনীতি তথা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি তিনি এখনও সেই অগ্নিকন্যা হিসেবেই বিরাজ করছেন? কারণ, সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি থেকে শুরু করে ধর্মতলার ধর্না, সবক্ষেত্রেই একটা আলাদা উদাহরণ তৈরি করার চেষ্টা করছেন তিনি। এবার সেই ধর্নামঞ্চ থেকেই দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা।
মঙ্গলবার, বক্তৃতার প্রায় শেষ পর্বে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের কড়া নজর রাখতে হবে। কখনও কখনও কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ‘টাকা মাটি-মাটি টাকা’। টাকা আসে, আবার চলেও যায়। কিন্তু মানুষ যখন জেনে যায়, এই লোকটা টাকা নিয়েছে! তখন কিন্তু সেটা আর চাপা থাকে না। তাই চিরকাল মানুষের কাছে গদ্দার হয়ে পরিচিত থাকতে হয়। বেকার কেন এই বদনাম নেবেন? আপনারা সম্মানের সঙ্গে বাঁচুন। আমাদের কাউকে যদি কেনার চেষ্টা করে, তাহলে আমরাও কিন্তু নজর রাখব।"
"কাউকে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে"
দুটো মন্তব্য! এক হচ্ছে "কাউকে কাউকে কিনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে" এবং দুই হল, “টাকা আসে, আবার চলেও যায়।" তাহলে কি বিশেষ সূত্র মারফত তৃণমূল নেত্রীর কাছে কোনও খবর রয়েছে? মানে দল টিকিট না দিলে কি কোনও কোনও বিধায়ক ভিন্ন পথ ধরতে তৈরি রয়েছেন? কৌতূহল বাড়ছে রাজনৈতিক মহলে। কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে দিনের আলোতেই। কারণ, গত বিধানসভা ভোটে জেতা বেশ কিছু বিধায়ককে এবার হয়ত আর টিকিটই দেওয়া হবেনা বলে সূত্রের খবর।
সেই তালিকায় আবার একাধিক মন্ত্রীর নামও আছে। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি বেশ কয়েকজন মন্ত্রী দলের সঙ্গে দূরত্ব বাড়াতেও শুরু করেছেন। এবার এইসবের মাঝেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা আলাদা মাত্রা যোগ করল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
