- Home
- West Bengal
- 7th Pay Commission: ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, সপ্তম বেতন কমিশনের নিয়ম ও শর্ত ঘোষণা নবান্নের
7th Pay Commission: ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, সপ্তম বেতন কমিশনের নিয়ম ও শর্ত ঘোষণা নবান্নের
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন (7th Pay Commission) গঠনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। সপ্তম পে কমিশনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ‘শর্তাবলি ও কার্যপরিধি’ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। শুক্রবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, ন্যূনতম বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, কেন্দ্রীয় হারের সঙ্গে বেতনস্তরের সামঞ্জস্য, মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা, অবসরকালীন সুবিধা-সহ একাধিক বিষয় পর্যালোচনার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৮ মে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম রাজ্য পে কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার কমিশনের কাজের ক্ষেত্র এবং কোন কোন বিষয় বিবেচনা করা হবে, তা স্পষ্ট করে দিল রাজ্য।
বিজ্ঞপ্তিতে ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে পাঁচ সদস্যের পরিবারকে ভিত্তি হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে। আগের পে কমিশনে ৩.৫ সদস্যের পরিবারকে ভিত্তি ধরা হয়েছিল। শুধু তাই নয়, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে দৈনিক ৩৪৯০ ক্যালোরি পুষ্টির প্রয়োজনীয়তাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করার প্রস্তাব রাখা হয়েছে। আগের ২৭০০ ক্যালোরির মানদণ্ডের পরিবর্তে এই নতুন ভিত্তি ব্যবহার করার বিষয়টি কমিশনের কার্যপরিধিতে রাখা হয়েছে।
সপ্তম পে কমিশনের কার্যপরিধিতে থাকা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল বার্ষিক বেতন বৃদ্ধি। বর্তমানে প্রচলিত ৩ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের পরিবর্তে অন্তত ৫ শতাংশ করার বিষয়টি কমিশনকে খতিয়ে দেখতে বলা হয়েছে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন পে-ম্যাট্রিক্স তৈরির বিষয়ও বিবেচনায় রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামোর সঙ্গে রাজ্যের বেতনস্তরের সামঞ্জস্য আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
একই ‘পে লেভেল’-এর ক্ষেত্রে সর্বভারতীয় সমতা তৈরির পাশাপাশি অচল বা অপ্রয়োজনীয় বেতনস্তর একত্রিত করার বিষয়ও পর্যালোচনা করবে কমিশন। এর ফলে ভবিষ্যতে বেতন সংক্রান্ত অপ্রয়োজনীয় মামলা কমানোর পথও তৈরি হতে পারে।
মহার্ঘ ভাতা বা DA-এর ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক বা AICPI-এর ভিত্তিতে DA-এর সংজ্ঞা নির্ধারণ এবং ভবিষ্যতে নিয়মিতভাবে DA দেওয়ার জন্য একটি ‘স্ট্যান্ডিং অর্ডার’ সুপারিশ করার বিষয়টি কমিশনের বিবেচনায় রাখা হয়েছে। সপ্তম পে কমিশন কোন তারিখ থেকে কার্যকর হবে, সেই বিষয়টিও কমিশনের আলোচনার মধ্যে রয়েছে। এছাড়াও বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহণ ভাতা, শিশুদের শিক্ষাভাতা, হস্টেল ভর্তুকি এবং অন্যান্য ভাতার পরিমাণ ও নিয়ম কেন্দ্রীয় পে কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যালোচনার কথা বলা হয়েছে। HRA-এর ঊর্ধ্বসীমা সংক্রান্ত বিধিনিষেধ পুনর্বিবেচনার প্রস্তাবও রয়েছে।
অবসরকালীন সুবিধার ক্ষেত্রেও একাধিক বিষয় খতিয়ে দেখবে সপ্তম পে কমিশন। এর মধ্যে রয়েছে—কমিউটেড পেনশন ১১ বছর পর পুনরুদ্ধারের বিষয়। অবসরের সময় ছুটি নগদীকরণের সুবিধা। ৩০ জুন অবসর নেওয়া কর্মীদের একটি ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়।
কর্মীদের কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে ৮-১৫-২৪ বছরের তিন ধাপের পরিবর্তে ৫-৮-১২-১৮-২৪ বছরের পাঁচ ধাপের কাঠামো বিবেচনা করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পে নগদহীন চিকিৎসা সুবিধা, চিকিৎসকদের ফি বৃদ্ধি এবং কর্মী ও পেনশনভোগীদের জন্য বিভিন্ন সুবিধা সম্প্রসারণের বিষয়ও কমিশনের বিবেচনায় রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

