BJP Campaign 2026: বিধানসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। রাজ্যের নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও আসবেন নেতারা। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ সভা করবেন এই রাজ্যে।
দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আর বাকি আছে মাত্র ৩৮টি আসনের প্রার্থীদের নাম। কিন্তু তার আগেই সামনে এসেছে বিজেপির স্টার প্রাচারকদের প্রচার সূচি। এবার বিধানসভা ভোট ২০২৬এর প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহর মত বিজেপির তারকা প্রচারকরা। তালিকায় রয়েছে নতুন জাতীয় সভাপতি নিতিন নবীন, মিঠুন চক্রবর্তী ও যোগী আদিত্যনাথের নামও।
বিজেপি সূত্রের খবর রামনবমীর পর থেকেই এই রাজ্যে ঝোড়ো প্রচার চালাবে বিজেপি। তেমনই পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। বিজেপি সূত্রের খবর রাম নবমীর পরেই রাজ্যে প্রচারে আসবেন নরেন্দ্র মোদী। এই রাজ্যে ভোট প্রচারে তিনি ১৪টি জনসভা করবেন বলেও সূত্রের খবর।
রইল বিজেপির তারকা প্রচারকদের তালিকাঃ
- ১৪টি জনসভা আর রোডশো করবেন মোদী
- যোগী আদিত্যনাথ ৮টি জনসভা ও রোড শো করবেন
- মিঠুন চক্রবর্তী ১০টি রোড শো আর জনসভা
- অমিত শাহ ৮টি রোড শো আর জনসভা করবেন
- ৭টি জনসভা নিতিন নবীন
- জেপি নাড্ডা ৬টি জনসভা
বড় জনসভার পাশাপাশি এবার বিজেপি ছোট ছোট প্রচার সভার ওপরেও জোর দিচ্ছে। প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বা এলাকাভিত্তিক সভা করার ওপরেও জোর দেওয়া হয়েছে। ভোট প্রচারে থাকবেন রাজ্যের বর্তমান আর প্রাক্তন নেতা ও বিধায়ক আর সাংসদরা। সব মিলিয়ে বর্তমানে প্রচার আর জনসভার ওপরেও জোর দিচ্ছে গেরুয়া শিবির।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রেডে একটি জনসভা করেছেন। তাতে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি। মোদীর জনসভা থেকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে উৎখাতের বার্তা দিয়েছেন। তাতেই চাঙ্গা বিজেপি নেতা আর কর্মীরা। আগামী দিনে মোদী-শাহের জনসভা আর রোড শো যে বিজেপি প্রার্থীদের মনোবল বাড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রচারকের তালিকায় রয়েছেন রাজ্যের বর্তমান সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। ভোট প্রচারে দেখা যাবে বিজেপি সেলিব্রিটিদেরও।


