- Home
- West Bengal
- BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
BJP MLA: মাত্র ১০৫ দিনেই ২৪ বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! দিল্লিতে গেল ফাইল, শাস্তির মুখে বঙ্গ বিজেপির একাংশ। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।

১০৫ দিনেই বিতর্কে BJP-র ২ ডজন বিধায়ক
বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের মাত্র ১০৫ দিনের মাথায় ২০৮ জন বিধায়কের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। ঝুলছে শাস্তির খাঁড়া। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরেও উত্তেজনার পারদ চড়়ছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে, প্রচার চালিয়েই ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু ক্ষমতায় আসার পরই দুর্নীতির আঁতুড় ঘর যাতে বিজেপি না হয় তার জন্য এখন থেকেই মরিয়া চেষ্টা করছে গেরুয়া শিবির। দলের স্বচ্ছতা বজায় রাখার মরিয়া প্রয়াস শুরু হয়ে গেছে।

বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ
অভিযুক্ত বিধায়কদের বিরুদ্ধে মূল অভিযোগ তোলাবাজির। সূত্রের খবর বিজেপির বিধায়করা নিজের নিজের এলাকায় তোলাবাজির কারবার শুরু করে গিয়েছে। পাশাপাশি ভীতি প্রদর্শন এবং জেলাশাসক-পুলিশ সুপার-সহ প্রশাসনিক আধিকারিকদের চমকানোর অভিযোগ ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে।
দিল্লিতে পাঠানো হল পৃথক ফাইল
অভিযুক্ত প্রত্যেক বিধায়কের বিরুদ্ধে যাবতীয় তথ্য দিয়ে পৃথক ফাইল তৈরি করা হয়েছে। যা প্রথমে পর্যবেক্ষণ করে দেখেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। পরবর্তীতে সেই ফাইল তুলে দেওয়া হয়েছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসালের হাতে। ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে। তেমনই জানিয়েছে বিজেপির একটি সূত্র।
মোদি-শাহের হাতে গেল সব প্রমাণ
রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এমএলএদের অপরাধমূলক কার্যকলাপের ডিজিটাল প্রমাণ তুলে দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের হাতে, যা পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অফিসে। বিজেপির শীর্ষ দুই নেতাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও সূত্রের খবর। চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুণছে বিজেপি।
কী হতে পারে?
দলীয় সংবিধান মেনে প্রথমে অভিযুক্ত বিধায়কদের শো-কজ করা হবে। সদুত্তর না মিললে সাসপেন্ড করার পথে হাঁটতে পারে গেরুয়া শিবির।
কাটমানি বরদাস্ত করা হবে না: BJP
দলের একাংশের দাবি, ভোটে জয়ের পর অনেক বিধায়ক নিজেদের সংগঠনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছেন এবং স্থানীয় প্রভাবশালীদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। যা কখনই বরদাস্ত করা হবে না বলে বারবার জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। শমীক ভট্টাচার্যও এই বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন।
তৃণমূলের সঙ্গে ‘সেটিং’!
আরও গুরুতর অভিযোগ, তৃণমূল নেতাদের সঙ্গে বোঝাপড়া করে পুরনো বিজেপি কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও উঠে এসেছে তথ্য।
বিধায়ক পদ যাবে?
দল থেকে বহিষ্কার করা গেলেও অভিযুক্তদের বিধায়ক পদ কেড়ে নেওয়ার ক্ষমতা পার্টির নেই, ফলে পরিস্থিতি জটিল হতে পারে বলে মত সংগঠনের অন্দরে।
বিরক্ত স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ঘরোয়াভাবে সতর্ক করা সত্ত্বেও অনেক বিধায়ক তা কানে তোলেননি বলে অভিযোগ, যার জেরে কড়া পদক্ষেপের পক্ষেই রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ ওঠায় রীতিমত ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তেমনই বলছে একটি সূত্র।
স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতিতেই বড় ধাক্কা
দুর্নীতিমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপির জন্য এই ঘটনা যেন ‘ফস্কা গেরো’—এত অল্প সময়ে এত বড় অস্বস্তি সামলানোই এখন চ্যালেঞ্জ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

