West Bengal Police: গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তবে শনিবার নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নিশ্চিতভাবেই চেষ্টা করবে। তবে তার আগেই মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে সাফল্য পেল পুলিশ।
KNOW
West Bengal News: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং অপরাধ দমনের ক্ষেত্রে বড় সাফল্য পেল পুলিশ। সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে আবারও বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার মধ্যরাতে সামশেরগঞ্জ থানার পুলিশের পৃথক দু'টি জায়গায় অভিযান চালিয়ে সাফল্য পেল। একটি অভিযানে জুয়ার ঠেক থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য একটি অভিযানে বিপুল পরিমাণে জাল নোট-সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে সামশেরগঞ্জের চাঁদনিদোহা অঞ্চলের একটি আম বাগানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জুয়া খেলার সময় সাতজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ইতাব আলি, নেফাউর শেখ, খালেক শেখ, তরিকুল শেখ, জাহাঙ্গীর শেখ, সামাউল শেখ ও বাপন সরকার। ধৃতদের কাছ থেকে নগদ ৪,৫০০ টাকা উদ্ধার হয়েছে।

পাচারের আগে উদ্ধার জাল নোট
অন্যদিকে, সামশেরগঞ্জের কলাবাগান ঘাট অঞ্চলে পাচারের আগেই উদ্ধার হল জাল নোট। একটি স্কুলব্যাগে করে বিপুল পরিমাণে জাল নোট নিয়ে আসার পথে পুলিশের হাতে ধরা পড়ে এক পাচারকারী। ধৃতের নাম মন্টু শেখ (৩৭)। সে লালগোলা থানার লালডহরি অঞ্চলের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তি একটি সাধারণ স্কুল ব্যাগে করে জাল নোট নিয়ে আসছিল। সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আটক করে তল্লাশি শুরু করে। তার ব্যাগ থেকে মোট ৫১,০০০ টাকা জাল নোট উদ্ধার হয়। শনিবার সামশেরগঞ্জ থানা থেকে কড়া নিরাপত্তায় ধৃত আটজনকে পুলিশ ভ্যানে করে আদালতে পাঠানো হয়।
অপরাধ দমনে সচেষ্ট পুলিশ
এই অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কাজ রুখতে পুলিশের এই ধরনের অভিযান জারি থাকবে বলে শামসেরগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে। সামশেরগঞ্জ থানার এই সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। শনিবার শপথ গ্রহণ করেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং আরও কয়েকজন মন্ত্রী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সারা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশায় সাধারণ মানুষ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


