West Bengal Weather: গত কয়েকদিন ধরে প্রবল গরমে দক্ষিণবঙ্গের বাসিন্দারা অস্বস্তিতে পড়েছিলেন। তবে মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছিল। বুধবার সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ঝোড়ো বাতাসও রয়েছে। ফলে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছেন।

DID YOU
KNOW
?
উত্তাল হতে পারে সমুদ্র
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলে দমকা বাতাস বইতে পারে। এই কারণে সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ।

West Bengal Weather Forecast: প্রবল গরমের পর স্বস্তির বৃষ্টি। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টি। তার সঙ্গে ছিল ঝোড়ো বাতাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টির ফলে তাপমাত্রা বা বাতাসে আপেক্ষিক আর্দ্রতায় তেমন কোনও বদল হয়নি। তবে গরম সামান্য কমায় স্বস্তিতে মানুষ।

কতদিন চলবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবারও এরকমই আবহাওয়া থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কয়েকটি জেলায় শুক্রবারের পর বৃষ্টি কমতে পারে। তবে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশায় উপকূলবর্তী অঞ্চলে প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এই কারণে বিপদ এড়াতে মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।