
North Bengal Tourism: ডুয়ার্স মানেই জঙ্গল, হাতি, জিপ সাফারি - এই ধারণাটা এবার বদলান। ডুয়ার্সের ভিড় এড়িয়ে যদি একটু নিরিবিলিতে পাহাড় আর নদীর সঙ্গে সময় কাটাতে চান, তাহলে আপনার গন্তব্য হতেই পারে বিন্দু। ভারত-ভুটান সীমান্তের (India-Bhutan Border) কাছে এই ছোট্ট পাহাড়ি গ্রাম। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার শেষ প্রান্তে অবস্থিত এই গ্রামটি এখনও অনেকের কাছে অচেনা। এখানে কংক্রিটের জঙ্গল নেই। নেই ব্যস্ত শহরের কোলাহল। রয়েছে পাহাড়, নদী আর নিরিবিলি প্রকৃতি।
বিন্দুর প্রধান আকর্ষণ হল জলঢাকা নদী ও বিন্দু ড্যাম। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলঢাকা নদী এখানে বাঁধ দিয়ে আটকানো হয়েছে। ড্যামের একপাশে ভারত, অন্যপাশে ভুটান। ড্যামের ওপর দাঁড়িয়ে দুই দেশের পাহাড় দেখার অভিজ্ঞতাই আলাদা। এখানকার পাহাড়ি রাস্তা, এলাচের বাগান আর কমলালেবুর গাছ আপনাকে মুগ্ধ করবে। বিন্দু থেকে ঝালং মাত্র ৩ কিমি। চাইলে একসঙ্গেই ঘুরে নিতে পারেন ঝালং, বিন্দু, সামসিং, সুনতালেখোলা। বর্ষায় জলঢাকার রূপ ভয়ঙ্কর সুন্দর, আর শীতে শান্ত।
বিন্দু গেলে আশপাশের জায়গাগুলিও ঘুরে দেখতে পারেন। কাছেই রয়েছে ঝালং। জলঢাকা নদীর উপত্যকা, পাহাড়ি রাস্তা আর ছোট ছোট জনপদ এখানকার আকর্ষণ। চাইলে তোড়ে ও টাংটার দিকেও যেতে পারেন। পাহাড়ি গ্রাম, জঙ্গল আর মেঘে ঢাকা রাস্তা ধরে গাড়িতে ঘোরার অভিজ্ঞতা পাবেন। তবে পাহাড়ি পথে যাওয়ার আগে রাস্তার অবস্থা জেনে নিন। চিসাং ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
শিয়ালদহ বা কলকাতা থেকে ট্রেনে নিউ মাল জংশন বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি ভাড়া করে চালসা হয়ে ঝালং-বিন্দু। মালবাজার থেকে বিন্দু প্রায় ৩৮ কিমি। থাকার জন্য বিন্দুতে কিছু হোমস্টে ও সরকারি গেস্ট হাউস রয়েছে। খরচও খুব বেশি নয়, জনপ্রতি ১২০০-১৫০০ টাকায় থাকা-খাওয়া হয়ে যায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News