- Home
- Business News
- EPFO Rules: সদ্য অবসরপ্রাপ্তদের টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা! ইপিএফও-র জন্য এবার ১২ মাসের অপেক্ষা
EPFO Rules: সদ্য অবসরপ্রাপ্তদের টাকা তোলার ওপর নিষেধাজ্ঞা! ইপিএফও-র জন্য এবার ১২ মাসের অপেক্ষা
EPFO: চাকরি ছাড়লে বা অবসরে PF তুলতে এবার লাগবে ১২ মাস অপেক্ষা! তবে ৫৫ বছরের পর মিলবে ১০ দিনেই পুরো টাকা। EPFO-র নতুন নিয়ম না জানলে বিপদে পড়বেন।

EPFO-র জন্য এবার ১২ মাসের অপেক্ষা
কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা (EPFO) নতুন নিয়ম চালু করেছে, যেখানে ৫৫ বছর বয়সের আগে চাকরি ছাড়া বা অবসর নেওয়া সদস্যদের সম্পূর্ণ পিএফ ব্যালেন্স তুলতে গেলে এখন থেকে অপেক্ষা করতে হবে ১২ মাস। আগে যেমন চাকরি ছাড়ার পরপরই পুরো টাকা তুলে নেওয়া যেত, এখন আর তা সম্ভব হবে না।

১২ মাসের মধ্যে ৭৫% টাকা
নতুন নিয়মে সদস্যরা একেবারে খালি হাতে থাকবেন না। চাকরি ছাড়া বা অবসরের ১২ মাসের মধ্যেই তাঁরা নিজেদের পিএফ ব্যালেন্সের ৭৫ শতাংশ টাকা তুলে নিতে পারবেন। বাকি ২৫ শতাংশ জমা থাকবে অ্যাকাউন্টে, যা পরবর্তীকালে তুলতে পারবে অবসরপ্রাপ্ত কর্মীরা।
৫৫ বছরের নিয়ম সম্পূর্ণ আলাদা
যাঁদের বয়স ৫৫ বছর পূর্ণ হয়ে গিয়েছে, তাঁদের জন্য নিয়ম অনেকটাই সহজ। EPFO আধিকারিকদের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই বয়সের পর চাকরি থেকে অবসর নিলে মাত্র ১০ দিনের মধ্যেই গচ্ছিত টাকা সম্পূর্ণ তুলে নেওয়া যাবে।
কবে থেকে নতুন নির্দেশিকা জারি?
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT)-এর সিদ্ধান্তের ভিত্তিতে গত ২৯ জুন, ২০২৬ তারিখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে EPFO। এই নির্দেশিকা কার্যকর হওয়ার পরই বহু সদস্যের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে।
সমস্যায় ৫৮ বছরের অবসরপ্রাপ্তরা
সম্প্রতি বহু সদস্য EPFO-র কাছে অভিযোগ জানিয়েছেন যে তাঁরা টাকা তুলতে গিয়ে সমস্যায় পড়ছেন। ৫৮ বছর বয়সে অবসর নেওয়া এক সদস্য জানিয়েছেন, ক্লেম সেটলমেন্টের আবেদন করতে গেলে তাঁকে বার্তা দেখানো হয়—১২ মাসের বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ এখনও শেষ হয়নি, তাই তিনি ফর্ম ১৯-এর অধীনে ফাইনাল সেটলমেন্টের যোগ্য নন। অথচ সরকারি নির্দেশিকা অনুযায়ী ৫৫ বছরের বেশি বয়সিদের এই নিয়ম প্রযোজ্য নয়।
আসল সমস্যা কোথায়?
EPFO জানিয়েছে, দাবি জমা দেওয়ার জন্য দু’টি আলাদা উইন্ডো তৈরি করা হয়েছে—‘Retirement’ এবং ‘Retirement after 55 years’। যাঁরা ৫৫ বছরের পর অবসর নিচ্ছেন, তাঁদের অবশ্যই ড্রপডাউন মেনু থেকে ‘Retirement after 55 years’ বিকল্পটি বেছে নিতে হবে। অন্যথায় ভুল উইন্ডোতে আবেদন করলেই ১২ মাসের অপেক্ষার বার্তা চলে আসছে।
কতদিনে হাতে আসবে টাকা?
৫৫ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে, দাবির পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে টাকা হাতে পেতে সময় লাগবে ৭ থেকে ১০ দিন। আর দাবির পরিমাণ ৫ লক্ষ টাকার কম হলে মাত্র ৩ দিনের মধ্যেই টাকা দেওয়া হবে।
কেন এই নতুন নিয়ম?
EPFO আধিকারিকদের মতে, চাকরি বদলের সময় বহু মানুষ পুরো পিএফ ব্যালেন্স তুলে নিতেন, যার ফলে অবসরের সময় অ্যাকাউন্টে সামান্য টাকাই পড়ে থাকত। ঠিক এই প্রবণতা রুখতেই ১২ মাসের অপেক্ষার নিয়ম চালু করা হয়েছে, যাতে অবসরকালীন সঞ্চয় সুরক্ষিত থাকে।
কোন কোন ক্ষেত্রে মিলবে সম্পূর্ণ টাকা তোলার সুযোগ
চাকরি থেকে বরখাস্ত হলে, ৫৫ বছর বয়সের পর অবসর নিলে, বিদেশে স্থায়ীভাবে চলে গেলে, প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অথবা স্থায়ী প্রতিবন্ধকতার শিকার হলে—এই সমস্ত ক্ষেত্রে সদস্যরা ফাইনাল সেটলমেন্টের মাধ্যমে সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার সুযোগ পাবেন।
পরিসংখ্যানের তথ্য
EPFO-র তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ৫২,৯৫,২৮১ জন সদস্য ফাইনাল সেটলমেন্টের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ৭৫ শতাংশেরও বেশি সদস্য ৫০ হাজার টাকার কম পেয়েছেন, আর ৪৮.৭৩ শতাংশ সদস্য পেয়েছেন ২০ হাজার টাকারও কম। অন্যদিকে, মাত্র ০.৬২ শতাংশ সদস্য পেয়েছেন ২৫ লক্ষ টাকার বেশি। বিশ্লেষণ বলছে, মাসিক ১৫ হাজার টাকা বেতনভুক কোনও কর্মীর অবসরকালীন পিএফ কর্পাস দাঁড়াতে পারে প্রায় ১৪ লক্ষ টাকায়, আর ২৫ শতাংশ বাধ্যতামূলক জমা রাখার নিয়ম মানলে তাঁর অ্যাকাউন্টে অন্তত ৩.৫ লক্ষ টাকা সবসময় জমা থাকবে।

