Alia Bhatt: মেয়ে হওয়ার পরে এবার আড়ালে চলে যাবেন আলিয়া ভাট? স্পষ্ট জানিয়েদিলেন অভিনেত্রী

Alia Bhatt: সমাজমাধ্যম ছাড়ার কথা ভাবছেন আলিয়া ভাট! আলিয়া (Alia Bhatt) আগেই জানিয়েছেন, ২০২২ সালে মা হওয়ার পর তাঁর জীবনে অনেক পরিবর্তন এসেছে। মেয়ের জন্যই বছরে মাত্র একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, “কোনও কোনও দিন সকালে উঠে মনে হয়, সমাজমাধ্যম থেকে বিদায় নিই। মুছে ফেলতে চাই সব অ্যাকাউন্ট, শুধু অভিনয় নিয়েই থাকতে চাই। আমি অত কথা বলতে চাই না।”

তবে তা হলে এখনও কেন সমাজমাধ্যমে সক্রিয় তিনি? আলিয়ার ( Alia Bhatt) বক্তব্য, সমাজমাধ্যম ছেড়ে দিলে দর্শকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তিনি বলেন, “যাঁরা শুরু থেকে আমার পাশে ছিলেন, তাঁদের সঙ্গে সংযোগটাই কেটে যাবে। সেটাই আমাকে আটকে রাখে।”

দিনকয়েক আগে বিরাট কোহলিও নিজের সমাজমাধ্যমের পাতা নিষ্ক্রিয় করে দেন। ফলে প্রশ্ন উঠছে, আলিয়ার ক্ষেত্রেও কি হঠাৎ তেমন কিছু ঘটতে পারে? যদিও ইতিমধ্যেই মেয়ের নিরাপত্তার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। রাহার সমস্ত ছবি নিজের সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন তিনি। এমনকি ছবিশিকারিদের সামনেও মেয়ের মুখ আনতে চান না আলিয়া। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত, আগেই জানিয়েছিলেন তিনি।

এ দিকে আলিয়ার স্বামী রণবীর কপূর এমনিতেই সমাজমাধ্যমে সক্রিয় নন। কাজের দিক থেকে আপাতত ব্যস্ত সময় কাটাচ্ছেন আলিয়া। তাঁর হাতে রয়েছে দুটি ছবি—‘আলফা’ এবং ‘লভ অ্যান্ড ওয়ার’। ‘আলফা’ ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। এখন এই ধরনের চরিত্রেই বেশি আগ্রহী আলিয়া, জানিয়েছেন নিজেই। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘ এবং ববি দেওলকে।

অন্য দিকে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়ার সঙ্গে থাকছেন রণবীর কপূর ও ভিকি কৌশল। শোনা যাচ্ছিল ২০২৬ সালেই মুক্তি পাবে এই ছবি। তবে এখন খবর, মুক্তির তারিখ কিছুটা পিছোতে পারে।

সমাজমাধ্যম আর ব্যক্তিগত জীবনের টানাপড়েনের মাঝেই নিজের মতো করে এগোতে চাইছেন আলিয়া। হঠাৎ করে তিনি সত্যিই সমাজমাধ্যম ছেড়ে দেবেন কি না, সে দিকেই এখন নজর অনুরাগীদের।