DeSu 7: পালাবদলের পর বড় পর্দায় একেবারে চমক জাগিয়ে ফিরছেন দেব। অক্টোবরের মাঝামাঝি মুক্তি পেতে চলে দেবের নতুন ছবি 'দেশু ৭' দেড় মিনিটের টিজারেই (Desu 7 Teaser) স্পষ্ট, ধুন্ধুমার মারপিট আর চোখধাঁধানো সংলাপে সিনেমাটি বক্স অফিসে নতুন ঝড় তুলতে তৈরি।

DeSu 7 Teaser: পালাবদলের পর বড় পর্দায় একেবারে চমক জাগিয়ে ফিরছেন টলিউড সুপারস্টার দেব। অক্টোবরের মাঝামাঝি মুক্তি পেতে চলে দেবের ছবি 'দেশু ৭' -এর দেড় মিনিটের আগাম ঝলক বা টিজার (DeSu 7 Teaser) দর্শকদের মন জিতছে। দক্ষিণে শৈলীর ধুন্ধুমার মারপিট আর চোখধাঁধানো সংলাপে সিনেমাটি বক্স অফিসে নতুন ঝড় তুলতে তৈরি। 'ধুমকেতু'র পর শুভশ্রীর সঙ্গে দেবের এই পুনর্মিলন দর্শকমনে বাড়তি উত্তেজনার পারদ চড়িয়েছে। তবে কেবল দেব-শুভশ্রীর রসায়নই নয়, টিজারে আলাদাভাবে নজর কেড়েছেন খলনায়কের চরিত্রে অভিনয় করা অনির্বাণ চক্রবর্তী।

‘শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত’

ছবির ভিলেন অনির্বানের মুখের মজার সংলাপ ও ভিন্নধর্মী সাজপোশাক ইতোমধ্যেই নেটপাড়ায় আলোড়ন তৈরি করেছে। ভিলেনের ভূমিকায় অভিনয় করা অনির্বানকে টিজারে বলতে দেখা গেল, 'শিরায় শিরায় রক্ত, আমি দেবের ভক্ত।' 'ব্যান কালচর' থেকে মুক্ত করে অনির্বাণকে 'দেশু ৭'-এ নয়া অবতারে দর্শকের দরবারে হাজির করবেন সেই কথা রেখেছেন দেব।

‘তুমি তো সেই মানুষটা নও, যাকে চিনতাম’

টিজারে দেখা যাচ্ছে, রক্তাক্ত হাতে শুভশ্রীর একটি করুণ প্রশ্ন-''তুমি তো সেই মানুষটা নও, যাকে চিনতাম।'' জবাবে স্বমহিমায় দেবের প্রত্যয়ী বার্তা, ''এবার একাকী ফিরব না।'' টানটান মারপিটের দৃশ্যের মাঝেও পর্দায় এই জুটির সেই চেনা আবেগ ও কেমিস্ট্রি ধরে রাখা হয়েছে। তবে এবার অ্যাকশন দৃশ্যে নিজের পুরনো রূপকেও যেন ছাপিয়ে গেছেন তারকা। কখনও আগ্নেয়াস্ত্র হাতে লড়াই, আবার কখনও জ্বলন্ত বস্তু থেকে ধূমপানের দৃশ্য, পুরো ঝলক জুড়েই দেবের মারকুটে অবতারের দাপট। দৃশ্যগুলোর নির্মাণশৈলী দক্ষিণী বিগ-বাজেট সিনেমাগুলোর কথা মনে করিয়ে দেয়, যা থেকে পরিষ্কার এটি একটি ধুন্ধুমার রোমান্টিক-অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে।

দেখুন টিজারটি

YouTube video player

শুরুর সংলাপটি থেকেই ইঙ্গিত মেলে যে, সিনেমার গল্পটি শুধুমাত্র গতানুগতিক প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়। অতীতের কোনো এক বিচ্ছেদের পর ভাগ্যের চক্রে দুই চরিত্রের পুনরায় মুখোমুখি হওয়া এবং তার পেছনের রহস্যময় প্রেক্ষাপটই ছবিটির মূল চালিকাশক্তি।

কীভাবে এল 'দেশু ৭' নামটি

সিনেমার এই নামকরণের পিছনে রয়েছে এক মজাদার কাহিনি। ভক্তদের ভালোবাসায় দেব ও শুভশ্রীর রসায়ন 'দেশু' নামে পরিচিতি পায়। পর্দায় এটি তাঁদের সপ্তম কাজ, তাই কাজের শুরুতে অনানুষ্ঠানিকভাবে প্রজেক্টটিকে 'দেশু সেভেন' নামে ডাকা হচ্ছিল। দেখতে দেখতে সামাজিক মাধ্যমে এই সাময়িক নামটিই হু-হু করে ছড়িয়ে পড়ে এবং তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। পরবর্তীতে অনুরাগীদের এই আগ্রহকে সম্মান জানাতেই ছবিটির চূড়ান্ত নাম হিসেবে বাংলা রূপ 'দেশু সাত' বেছে নেন প্রযোজনা সংস্থা।

সিনেমায় কারা রয়েছেন

ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব, শুভশ্রী ও অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, সুস্মিতা রায় ও ইধিকা পাল। এখন দেখার বিষয়, রহস্যে ঘেরা টিজারের উন্মাদনা ধরে রেখে আসন্ন শারদোৎসবে প্রেক্ষাগৃহে দর্শকমনে কতটা ছাপ ফেলতে পারে এই বড় বাজেটের ছবি।

ছবি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড

১৬ অক্টোবর মুক্তি পেতে চলা এই ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মাতামাতির বড় প্রমাণ পাওয়া গেছে এর 'গোল্ডেন টিকিট' বিক্রির পরিসংখ্যানে। দেব জানান, প্রাতিষ্ঠানিক প্রচার কিংবা প্লট খোলসা হওয়ার আগেই মাত্র দু'ঘণ্টার ব্যবধানে প্রায় সাত হাজার টিকিট বিক্রি হয়ে যায়। দর্শকদের এই অভাবনীয় সাড়া তাঁকে যেমন আনন্দিত করেছে, তেমনই বড় দায়িত্বের মুখোমুখি দাঁড় করিয়েছে। তাঁর মতে, অনুরাগী ও সাধারণ দর্শকদের এই নিঃশর্ত বিশ্বাসই তাঁর কাজের মূল চালিকাশক্তি, আর পর্দায় সেই ভরসার মর্যাদা রাখাই তাঁর প্রাথমিক লক্ষ্য।