Bangladeshi Terrorist: বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের পাশাপাশি অনেক অপরাধী, এমনকী সন্ত্রাসবাদীরাও ভারতে অনুপ্রবেশ করে লুকিয়ে আছে বলে অভিযোগ। এবার বাংলাদেশের জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) সদস্য এক জঙ্গি ভারতে দীর্ঘদিন ধরে লুকিয়ে আছে বলে অভিযোগ উঠল।
KNOW
Jamaat-e-Islami: প্রায় ১৩ বছর ধরে ভারতে লুকিয়ে আছে বাংলাদেশের (Bangladesh) এক সন্ত্রাসবাদী! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই সন্ত্রাসবাদীর নাম সাজ্জাদ আলি (Sajjad Ali)। সে জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ রয়েছে। কিন্তু এই সন্ত্রাসবাদীই দিব্যি ভারতে বহাল তবিয়তে আছে। সে এদেশে বসে বাংলাদেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সে ভারত-বিরোধী বিভিন্ন গোষ্ঠী, বিশেষ করে 'গাজওয়াতুল হিন্দ' মতাদর্শে অনুপ্রাণিত জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সহায়তাও দিয়ে আসছে। পুলিশ বা গোয়েন্দা বিভাগের কাছে সাজ্জাদের বিষয়ে তথ্য আছে কি না, সেই প্রশ্ন উঠছে।
বাংলাদেশের সন্ত্রাসবাদীর হাতে ভারতের পাসপোর্ট, আধার কার্ড!
বাংলাদেশের এই সন্ত্রাসবাদী আধার কার্ডের পাশাপাশি ভারতীয় পাসপোর্টও আছে বলে জানা গিয়েছে। জাল আধার কার্ডের অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু যে কোনও ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার আগে খোঁজ নেয় পুলিশ। ফলে সাজ্জাদ কীভাবে পাসপোর্ট পেল, সেই প্রশ্ন উঠছে। এই জঙ্গি পাকিস্তানের (Pakistan) গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর হয়ে ভারতে জাল নোট তৈরির চক্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। সে আইএসআই-এর একজন বিশ্বস্ত এজেন্ট বলেও জানা গিয়েছে। ভারতের 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী কুখ্যাত দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) ডি-কোম্পানি (D-Company)-র সঙ্গেও সাজ্জাদের যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। ফলে সে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি।
বাংলাদেশে গ্রেফতার সাজ্জাদের সহযোগী
সম্প্রতি বাংলাদেশে গ্রেফতার হয়েছে সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। তাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদ করছে বাংলাদেশের পুলিশ। জানা গিয়েছে, ভারতে এসে থাকার সময় আধার কার্ড জোগাড় করার জন্য আজহার খান ছদ্মনাম ব্যবহার করেছিল ইমন। সে সাংবাদিকদের জানিয়েছে, সাজ্জাদের কাছেও আধার কার্ড আছে। এই জঙ্গি ভারতের কোথায় লুকিয়ে আছে, সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি ইমন। তবে জল্পনা চলছে, পশ্চিমবঙ্গেই কোথাও লুকিয়ে থাকতে পারে সাজ্জাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


